সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকার ধানমন্ডিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে এই কর্মসূচি পালনের জন্য সংস্কৃতিকর্মীরা সমবেত হয়েছিলেন। তবে কর্মসূচি শুরুর আগেই সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বেলা সাড়ে তিনটা থেকেই শতাধিক পুলিশ সদস্য ওই এলাকায় অবস্থান নেন।
‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে জড়ো হওয়া সংস্কৃতিকর্মীরা জানান, দেশের বিভিন্ন স্থানে বাউলগানসহ সাংস্কৃতিক আয়োজনে তৌহিদি জনতার নামে চলা হামলা ও আগ্রাসনের প্রতিবাদে তাঁরা এই মানববন্ধনের ডাক দিয়েছিলেন। ঘটনাস্থলে উপস্থিত নাট্যকর্মী সুমনা ইসলাম পুলিশের কাছে জানতে চেয়েছিলেন মানববন্ধন করা যাবে কি না। এ সময় পুলিশের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে পুলিশ আটক করে নিয়ে যায়।
পুলিশের দাবি, মানববন্ধনকারীদের উসকানিমূলক স্লোগান ও কথা বলতে নিষেধ করা হয়েছিল। এ সময় দীপক শীল পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশের উপস্থিত কর্মকর্তারা জানান, কিছুদিন আগে একই স্থানে একদল জনতা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিল। এর জবাবে দীপক শীল পাল্টা প্রশ্ন করেন যে ‘জয় বাংলা’ স্লোগান নষ্ট হয়ে গেছে কি না, যা উত্তেজনার সৃষ্টি করে। দীপক শীলকে আটক করার সময় সুমনা ইসলাম বাধা দেওয়ার চেষ্টা করেন এবং পুলিশের বিরুদ্ধে টানাহেঁচড়ার অভিযোগ তোলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানান, উসকানিমূলক স্লোগান ও কথার প্রতিবাদ করায় এবং বাগবিতণ্ডার জেরে একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে।
পুলিশের বাধা ও একজনকে আটকের পর মানববন্ধনকারীরা বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন। তাঁরা ‘মৌলবাদীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সংস্কৃতির ওপর হামলা, ঘুরে দাঁড়াও বাংলা’ এবং ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’—এমন বিভিন্ন স্লোগান দেন। আয়োজকদের একজন ফারুক এইচ খান ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা দেশে বাউল ও বাঙালি সংস্কৃতির ওপর আক্রমণ চলছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা। পরে বিকেল সাড়ে চারটার দিকে মানববন্ধনকারীরা ওই এলাকা ত্যাগ করেন।

