দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য তিনটি পৃথক প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। দীর্ঘ পর্যালোচনার পর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সভায় ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণে এই উদ্যোগটি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রস্তাবিত রুটে নতুন সড়ক নির্মাণের পাশাপাশি বিদ্যমান সড়কগুলো প্রশস্ত করতে হবে। এছাড়া এই রুটে তিনটি ছোট সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ের কাজ দ্রুত শুরু হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভোলার নৌপথনির্ভর যোগাযোগ ব্যবস্থার ওপর চাপ কমবে এবং বরিশাল ও ঢাকা পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে যাতায়াতের সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

