গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও ঘোষণা দিয়েছেন যে, এখন থেকে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে ক্রয় করবে। এই ক্রয় প্রক্রিয়া ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বিদ্যুৎ খাতের বর্তমান চ্যালেঞ্জের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর ভুল নীতির কারণে দেশ আমদানিনির্ভর হয়ে পড়েছে, যার ফলে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বর্তমানে জ্বালানি খাতে বড় ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। তিনি কুইক রেন্টালের নামে লুটপাটের সমালোচনা করে সাশ্রয়ী ও স্থায়ী সমাধানের ওপর জোর দেন। জনগণকে স্বস্তি দিতে এবং বিদ্যুৎ খাতের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০২৫-২৬ অর্থবছরে সরকার ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করেছে। এছাড়া জ্বালানি তেল সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।