পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর কৌশলে বর্জ্য ব্যবস্থাপনাকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১)-এর ব্লু জোনে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এই আহ্বান জানান। ‘প্রবৃদ্ধি কি বর্জ্য উৎপাদনকে ছাড়িয়ে যেতে পারে?’ শীর্ষক এই আলোচনায় মন্ত্রী বলেন, জলবায়ু সহনশীলতা বাড়াতে এবং জনস্বাস্থ্য রক্ষায় সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতি অপরিহার্য।
মন্ত্রী উল্লেখ করেন, বিশ্বে প্রতিবছর ১০০ বিলিয়ন টনের বেশি সম্পদ ব্যবহৃত হলেও এর ১০ শতাংশেরও কম পুনরায় ব্যবহারের আওতায় আসে। উৎপাদন ও ভোগের এই বিশাল ব্যবধান পরিবেশের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি সম্পদের অপচয় ঘটাচ্ছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা কোনো আলাদা কর্মসূচি নয়, বরং এটি অভিযোজন প্রক্রিয়ার একটি মূল অংশ। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় বর্জ্য অপসারণ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় জনজীবন ও জনস্বাস্থ্য সরাসরি হুমকির মুখে পড়ে।
সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে পরিবেশমন্ত্রী জানান, বাংলাদেশ ইতোমধ্যে ‘ত্রি-আর’ (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) কৌশল এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন করেছে। প্লাস্টিক বর্জ্য ও ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারি ব্যবস্থাপনার জন্য বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) কাঠামোর কাজ চলছে। এছাড়া সিরাজগঞ্জে চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবেশ অধিদপ্তর জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) সহযোগিতায় একটি কেন্দ্রীয় শোধনাগার স্থাপন করেছে, যা ভবিষ্যতে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে বৃত্তাকার অর্থনীতিভিত্তিক উন্নয়ন মডেল গ্রহণের অঙ্গীকার রয়েছে। এজন্য কঠিন, চিকিৎসাবর্জ্য, বস্ত্রবর্জ্য ও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য রয়েছে। এছাড়া সারা দেশে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) এবং প্রতিটি প্রশাসনিক বিভাগে একটি করে ই-বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে জলবায়ু সহনশীলতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
মন্ত্রী আরও জানান, প্লাস্টিক দূষণ রোধে সরকার, শিল্প খাত ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের নিয়ে একটি সরকারি-বেসরকারি স্টিয়ারিং গ্রুপ গঠনের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিচ্ছন্ন জ্বালানির মতো বর্জ্য ব্যবস্থাপনার জন্যও একটি পৃথক আন্তর্জাতিক বিনিয়োগ প্ল্যাটফর্ম প্রয়োজন। তিনি কারিগরি সহায়তা, অর্থায়ন ও কার্যকর অংশীদারত্বের মাধ্যমে বৃত্তাকার অর্থনীতির লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় ও বেসরকারি খাতের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান। উল্লেখ্য, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পরিচালক ক্লেমেন্স স্মিডের সঞ্চালনায় এই আলোচনায় জার্মানির প্রতিমন্ত্রী ড. হাইকে হেনসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।

