আজ ৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান আজ ৬২ বছরে পদার্পণ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার আদর্শে বেড়ে ওঠা তারেক রহমানের শৈশব কেটেছে অনাড়ম্বর এক পরিবেশে।

স্কুলে যাওয়ার বয়স হলে তার বাবা-মা তাকে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করান। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে শুধু সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়ে তাঁর উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়। নিয়মিত পড়াশোনার পাশাপাশি তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজচিন্তাবিদের দর্শন গভীরভাবে অধ্যয়ন করেন। তিনি এমন এক উত্তাল রাজনৈতিক সময়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন, যখন তাঁর মা বেগম খালেদা জিয়া স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন।

১৯৮৮ সালে পিতার জন্মস্থান বগুড়ার গাবতলী থেকে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তারেক রহমানের রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পান। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তিনি তাঁর মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয় করেন। পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিপুল বিজয় একজন দক্ষ ও সুপরিকল্পিত সংগঠক হিসেবে তারেক রহমানের যোগ্যতার প্রমাণ দেয়।

পরবর্তী সময়ে তিনি এক-এগারোর সরকারের নির্মম নির্যাতনের শিকার হন। দীর্ঘ প্রায় ১৬ বছর জনগণের ম্যান্ডেটবিহীন আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের শাসনামলে দেশ যখন চরম দুঃশাসন ও অরাজকতার মধ্যে নিমজ্জিত ছিল, তখন তারেক রহমান রাষ্ট্রের সামগ্রিক কাঠামোগত সংস্কারের ধারণা সামনে আনেন। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর মাতৃভূমিতে তার প্রত্যাবর্তন ঘটে। জাতীয় নির্বাচনের দেড় মাস আগে তার এই স্বদেশ প্রত্যাবর্তন দেশবাসীর মধ্যে গভীর স্বস্তি ও আনন্দের সঞ্চার করে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন।

নির্বাহী, বিচার বিভাগ ও আইনসভাসহ রাষ্ট্রের সব ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে তার ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা দেশবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এর ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে এবং ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি এমন একটি 'রেইনবো নেশন' বা বহুত্ববাদী বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে প্রতিটি নাগরিক শান্তি, সম্প্রীতি, মর্যাদা ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবেন।

তারেক রহমানের সাধারণ জীবনযাপন তার বিনয় ও জনসেবার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। সীমিত গাড়িবহর ব্যবহার, অপ্রয়োজনীয় যান চলাচল নিয়ন্ত্রণ এবং সরকারি ব্যয়ে মিতব্যয়িতা সাধনের মাধ্যমে তিনি দায়িত্বশীল নেতৃত্বের ইতিবাচক বার্তা দিচ্ছেন। গত নয় মাসে তার সরকার বিভিন্ন খাতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকিং খাতে ঋণ আদায়ের প্রচেষ্টা জোরদার করায় খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে। পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময়ে নেওয়া বিপুল ঋণের চাপ থাকা সত্ত্বেও সরকার পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে।

সরকার নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা প্রদানের লক্ষ্যে 'ফ্যামিলি কার্ড' এবং কৃষকদের কৃষি উপকরণ, ঋণ ও সরকারি সেবা প্রাপ্তি সহজ করতে 'কৃষক কার্ড' কর্মসূচি চালু করেছে। প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ এবং সংশ্লিষ্ট সুদ মওকুফ করা হয়েছে। স্বাস্থ্য খাতে হেলথ কার্ড চালু এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা খাতে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মিড-ডে মিল, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা এবং এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধে ২ হাজার কোটি টাকা ছাড়ের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মীয় কল্যাণ খাতে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য 'প্রবাসী কার্ড' চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রেও বাংলাদেশ উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমানো, সরকারি যানবাহন কেনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। সংসদীয় গণতন্ত্র ও জবাবদিহিমূলক ব্যবস্থা আবারও গতিশীল হতে শুরু করেছে। প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগ সংসদীয় ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক চর্চা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টারই ইঙ্গিত দেয়। এসব অগ্রগতি রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ এবং সরকারি প্রশাসন পরিচালনায় সরকারের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত বহন করে।