টানা অতি বৃষ্টিতে ফের চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিসে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টার মধ্যেই ঝরেছে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত।
আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল ভূইয়া জানিয়েছেন, আজ সারা দিন চট্টগ্রাম ও আশপাশের এলাকায় অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে পাহাড় ধসের আশংকা প্রকাশ করে জেলা প্রশাসনকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
বৃষ্টির কারণে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, কাপাসগোলা ও আগ্রাবাদসহ বিভিন্ন নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সকালে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা বের হয়ে চরম ভোগান্তিতে পড়েন। বৃষ্টির এই সুযোগে রিকশাচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে ভুক্তভোগী নগরবাসী অভিযোগ করেছেন। এছাড়া অনেক স্থানে বৃষ্টির পানি দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েছে।
বহদ্দারহাটের খাজা রোডের বাসিন্দা হাবিব জানান, সামান্য বৃষ্টিতেই তাদের নিচতলায় পানি উঠে যায়। আজ সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় তাকে চরম কষ্টের শিকার হতে হয়েছে।
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১০: ৩৩আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১০: ৩৬

