জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার লক্ষ্যে আয়োজিত দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। এসময় বাংলাদেশ ও জাপানের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ সফরসঙ্গী ও মন্ত্রিসভার সদস্যদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভবনের মূল কক্ষে প্রবেশ পথে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এরপর দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন এবং দুপুর ১২টা ১৫ মিনিটে আলোচনার ফলাফল নিয়ে যৌথ ব্রিফিংয়ের কথা রয়েছে। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী দুপুর ১২টা ৩০ মিনিটে কানতেইতে তার সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন, যেখানে উভয় নেতা শুভেচ্ছা বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে টোকিওতে প্রধানমন্ত্রীর ভবন অভিমুখের সড়কের দুই পাশে দুই দেশের জাতীয় পতাকা টানানো হয়েছে।
সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে সোমবার সকালে টোকিও পৌঁছালে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে। সফরের প্রথম দিনেই তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। এছাড়া মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকা প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, তথ্য-প্রযুক্তি, কৃষির আধুনিকায়ন ও সার কারখানা স্থাপনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাপানি বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালের পর থেকে দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর। এ ছাড়া গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্ক সফর করেন। তার সফরসঙ্গী হিসেবে স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন।

