যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রার্থী আবদুল এল-সাইদকে সন্ত্রাসবাদ, ইসলামপন্থা ও মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে ফক্স নিউজ ও নিউইয়র্ক পোস্টের বিরুদ্ধে। এক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এসব সংবাদমাধ্যমের প্রকাশিত শিরোনামগুলোতে এল-সাইদের সঙ্গে সন্ত্রাসবাদ ও মুসলিম ব্রাদারহুডের সম্পর্কের অভিযোগ তুলে ধরা হলেও, অভিযোগগুলোর পক্ষে প্রমাণ নেই—এমন তথ্য খুব কমই জানানো হয়েছে।
নিউজকর্ডের সাংবাদিক নিমা আকরামের তৈরি এই বিশ্লেষণটি ২৮ অক্টোবর প্রকাশিত হয়। এতে ১৪১টি সংবাদমাধ্যমে এল-সাইদকে নিয়ে প্রকাশিত ৯২০টি শিরোনাম এবং সংরক্ষিত ৭৪০টি পূর্ণাঙ্গ সংবাদ বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণের সময়সীমা ছিল ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮ অক্টোবর পর্যন্ত।
প্রতিবেদন অনুযায়ী, এল-সাইদকে নিয়ে সবচেয়ে বেশি শিরোনাম প্রকাশ করেছে ফক্স নিউজ—১৮১টি। নিউইয়র্ক পোস্ট প্রকাশ করেছে ১০৮টি। এরপর রয়েছে নিউইয়র্ক টাইমস, যাদের শিরোনামের সংখ্যা ৫১টি। বিশ্লেষণে দেখা গেছে, এল-সাইদকে সন্ত্রাসবাদ, ইসলামপন্থা কিংবা মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত করে মোট ৬৮টি শিরোনাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩৬টি শিরোনামই এসেছে ফক্স নিউজ ও নিউইয়র্ক পোস্ট থেকে। অথচ এল-সাইদকে নিয়ে প্রকাশিত মোট শিরোনামের এক-তৃতীয়াংশেরও কম ছিল এই দুই সংবাদমাধ্যমের।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, ২৪টি শিরোনামে কোনো অভিযোগকারীর বক্তব্য উদ্ধৃত না করেই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের নিজস্ব ভাষায় এল-সাইদের সঙ্গে সন্ত্রাসবাদ বা ইসলামপন্থার সম্পর্কের ইঙ্গিত দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯টি শিরোনামই ফক্স নিউজ ও নিউইয়র্ক পোস্টের। অন্যদিকে, ৪৫টি শিরোনামে অভিযোগগুলোকে মুসলিমবিদ্বেষী বা ভিত্তিহীন বলা হয়েছে কিংবা এল-সাইদের পাল্টা বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ফক্স নিউজ ও নিউইয়র্ক পোস্টের কোনো শিরোনামই এই শ্রেণিতে পড়েনি।

