সাভার ট্যানারি শিল্পনগরীর দীর্ঘদিনের পরিবেশগত ও ব্যবস্থাপনাগত সংকট কাটাতে কঠোর অবস্থানে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি। কমিটির পক্ষ থেকে শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) অবিলম্বে শতভাগ কার্যক্ষম করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে চামড়া খাতের বহুমুখী সংকট নিরসনে একটি স্পষ্ট ও যুগোপযোগী রোডম্যাপ তৈরির সুপারিশ করেছে কমিটি।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ কমিটির সদস্য বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, আবুল কালাম, হেলেন জেরিন খান, হামিদুর রহমান, মোহাম্মাদ কামাল হোসেন, গাজী এনামুল হক, আব্দুল মুনতাকিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিগত সরকারের আমলের চামড়া শিল্পের ক্ষতি, ট্যানারির বর্জ্য ব্যবস্থাপনা এবং রপ্তানি বহুমুখীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সদস্য গাজী এনামুল হক বৈঠকে উল্লেখ করেন যে, পর্যাপ্ত চামড়া সংগ্রহ করা সম্ভব হলেও সঠিক প্রসেসিং এবং ন্যায্য দাম না পাওয়ার কারণে এই খাতটি মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে।
শিল্পের আধুনিকায়নে গৃহীত পদক্ষেপের বিষয়ে বাণিজ্য সচিব জানান, বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সে ১০টি সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন, যারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করবেন।
সিইটিপির বর্তমান অবস্থার বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর জানান, সাভারের সিইটিপি পুরোপুরি অকার্যকর নয়। তবে এর ধারণক্ষমতা ২৫ হাজার ঘনমিটার থেকে কমে ১৪-১৫ হাজার ঘনমিটারে নেমে এসেছে। তিনি আরও জানান, এই প্ল্যান্টের মূল সমস্যা হলো ক্রোমিয়াম রিকভারি ব্যবস্থার অভাব। এটি সংস্কারের জন্য ইতিমধ্যে ইতালীয় একটি কোম্পানির মাধ্যমে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করা হয়েছে।
