নেত্রকোনার সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামে এক যুবকের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম মাসুল ওরফে মাহফুল (৩৫), তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। রোববার (২৬ জুলাই) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের মা জানিয়েছেন, শনিবার রাতে খাবার খেয়ে মাহফুল নিজ ঘরে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে তিনি ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। সন্দেহ হওয়ায় ঘরের ভেতরে ঢুকে টর্চলাইটের আলো ফেলতেই ছেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখে তিনি চিৎকার দিয়ে ওঠেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নেত্রকোণা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার করে। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

