কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরি, ডাকাতি ও মাদকব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মোট ১৮টি মামলার আসামি সাজন ঘোষকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া (ঘোষপাড়া) এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সাজন ওই এলাকার হরি ঘোষের ছেলে।
পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ভোগপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাজন ঘোষকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কটিয়াদী, কিশোরগঞ্জ সদর, ভৈরব, গাজীপুর এবং টাঙ্গাইল থানায় চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত অভিযোগে এসব মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং চার হাজার টাকা অর্থদণ্ডের সাজা পরোয়ানা জারি ছিল। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানে সাজন ঘোষকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এলাকা জুড়ে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
