হবিগঞ্জের বানিয়াচংয়ের সাবেক এক ছাত্রদল কর্মী শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আমলাদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। বেসরকারি শিক্ষক নিয়োগ নিয়ে সরকারি চিন্তাভাবনার প্রেক্ষিতে প্রতিবাদ হিসেবে তিনি এই আপত্তিকর মন্তব্য করেন। মো. এ বি বাছিত নামের ওই ব্যক্তির এই আস্ফালনে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের সময় ছাত্রজনতার ওপর গুলি চালানো এবং বর্তমানে বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতা ড. শাহ নেওয়াজের ভাতিজা।
মঙ্গলবার রাত ১০টার দিকে ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি একটি ফটোকার্ড ব্যবহার করে লেখেন, ‘যে সমস্ত আমলা বা মন্ত্রী, প্রতিমন্ত্রীদের মাথা থেকে এসব আসে তাদের জুতা দিয়ে পিটিয়ে ক্ষমতাচ্যুত করতে হবে। চাকরিজীবী হলে বরখাস্ত করে জাতি ধ্বংস করার পাঁয়তারা করার অপরাধে আইনের আওতায় নিয়ে আসা।’ পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে পরবর্তীতে বিকেলের দিকে তিনি তা মুছে ফেলেন। এ বিষয়ে জানতে চাইলে এ বি বাছিত স্ট্যাটাস দেওয়ার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, ‘বট বাহিনী’ বিভিন্ন আইডি থেকে শিক্ষামন্ত্রীর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল, যার প্রেক্ষিতেই তিনি ওই মন্তব্য করেছেন। তিনি আরও দাবি করেন, অতীতে তিনি বিএনপির পক্ষে অনলাইনে প্রচারণা চালালেও বর্তমানে কোনো দলীয় পদপদবিতে নেই এবং তিনি কারও তাবেদারি করেন না।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এই কর্মকাণ্ডকে ‘বট বাহিনীর’ কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, যে বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি সে বিষয়ে পোস্ট করে সে একজন বট বাহিনীর কাজ করেছে। প্রশাসন অবগত হলে এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। তবে আমরা দলীয় ফোরামে বিষয়টি আলোচনা করবো এবং সে যে সংগঠনের সঙ্গে জড়িত আছে ওই সংগঠনের নেতাদের বিষয়টি সম্পর্কে অবগত করে ব্যবস্থা নেওয়ার কথা বলবো। তিনি আরও যোগ করেন, বিএনপি সরকার বরাবরই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে কাজ করে এবং এদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপি সরকারই সবচেয়ে বেশি কাজ করেছে।
ছাত্রদল সভাপতি মুবাশ্বির আহমেদ মজনু বলেন, ‘সে ছাত্রদল করে না। যুবদলও করে বলে আমি নিশ্চিত নই। কোথাও তার কোনো পদপদবিও নেই। কর্মী হলে হতে পারে, তাও আমি জানি না।’ উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হোসেন মারুফ এটিকে সংশ্লিষ্ট ব্যক্তির ‘দৃষ্টতা’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘জাতীয় নেতাদের বিরুদ্ধে লিখেছে। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি সারাদিন একটি সালিসে ছিলাম, তাই পোস্টটি দেখিনি। দলীয়ভাবেও কী করা যায় সে বিষয়টি আমরা আলোচনা করবো।’

