তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি বিদেশগামীদের দক্ষ করে তুলতে ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা বেশি। তবে শুধু লোক পাঠালেই হবে না, তাদের যথাযথ প্রশিক্ষণ ও ভাষা শেখার কোর্স সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। তবে এসব কেন্দ্রে শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও সরকারকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিদেশগামীদের দক্ষতা বাড়াতে ইংরেজি, আরবি, জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষা শেখার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ গ্রহণের পর সবাইকে অবশ্যই বৈধ পথে বিদেশ যেতে হবে। সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাত্রা ঠেকাতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারণার তাগিদ দেন তিনি। বিশেষ করে মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশনা দেন মন্ত্রী।
সভায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৯ জনসহ অন্যান্য অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন আরিফুল হক চৌধুরী। তিনি সিলেটের ডিআইজি এবং সুনামগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) ভূমধ্যসাগরে নিহতদের পরিবারের দায়ের করা মামলার আসামি ও এর পেছনে জড়িত মানবপাচারকারী দালাল চক্রের বিস্তারিত তথ্য আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন। মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, দালাল চক্রের সদস্যরা বিদেশে থাকলেও তাদের তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক দলীয় মতবিনিময় সভায় অংশ নেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।

