গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ব্যর্থ হবে: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না হলে সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭০ শতাংশ মানুষ যে গণভোটে রায় দিয়েছে, সেই রায় বাস্তবায়ন না হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। শনিবার বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবি জানানো হয়। ডা. শফিকুর রহমান বলেন, সরকার ক্ষমতায় যাওয়ার পর পরিবর্তনের পক্ষে দেওয়া জনগণের রায় থেকে সরে এসেছে। আগে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখন সরকার তা অস্বীকার করছে বলে তিনি অভিযোগ করেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা বুঝতে দেরি হয়েছিল, এবারও একই ভুল না করার আহ্বান জানান তিনি। এছাড়া সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি দাবি করেন, সংসদের কার্যপ্রণালি ও সংবিধানে এ ধরনের কমিটি গঠনের বিধান নেই। তাই এই কমিটিকে তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণ ফ্যাসিবাদকে পরাজিত করেছে। নতুন প্রজন্মের ত্যাগের মূল্যায়ন করতে হবে এবং তাদের আর পরীক্ষার মুখে ঠেলে দেওয়া উচিত নয়। জুলাই মাসের ইতিহাসকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টার সমালোচনা করে তিনি বলেন, ৭১ এবং ২৪—উভয়ই নিজ নিজ মর্যাদায় থাকবে। ২৪-এর বীরদের যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করার দাবিও জানান তিনি।

সমাবেশে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।