৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সরকার। রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে স্ব-স্ব ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে এবং তিনি চাকরিতে যোগদানে আগ্রহী নন বলে ধরে নেওয়া হবে।
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেলের ৯ম গ্রেডে (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা বেতনক্রম) বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। যোগদানের পর থেকে তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
চাকরিতে যোগদানের সময় সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী, কর্মকর্তাদের নিজের ও পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া প্রতি পাঁচ বছর পরপর এই হিসাব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।
যোগদানের সময় কর্মকর্তাদের ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড বা অঙ্গীকারনামা প্রদান করতে হবে। সেখানে উল্লেখ থাকবে যে, কর্মকর্তা নিজে বা তার পরিবারের কোনো সদস্য যৌতুক গ্রহণ করবেন না এবং দেবেন না।
নিয়োগের ক্ষেত্রে কঠোর কিছু শর্ত আরোপ করা হয়েছে। যদি কোনো কর্মকর্তা বিদেশি নাগরিককে বিয়ে করে থাকেন অথবা বিয়ে করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, তবে তার নিয়োগপত্র বাতিল গণ্য হবে। এছাড়া কোটায় নিয়োগপ্রাপ্তদের সনদ যাচাইকালে যদি ভুয়া বা জাল প্রমাণিত হয়, তবে তাৎক্ষণিকভাবে নিয়োগ বাতিলসহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

