জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, বরং বাংলাদেশের উপকূলের মানুষের কাছে এটি প্রতিদিনের বাস্তবতা। বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ, আর দক্ষিণ-পশ্চিম উপকূলের সাতক্ষীরা জেলা সেই ঝুঁকির একেবারে সামনের সারিতে। সুন্দরবনের কোলঘেঁষা এই জেলায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ও উপকূলভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলাবদ্ধতা আর লবণাক্ততা একসঙ্গে মানুষের জীবন, জীবিকা ও স্বাস্থ্যকে বিপন্ন করে তুলেছে। সাতক্ষীরা তাই কেবল একটি ক্ষতিগ্রস্ত জেলা নয়; জলবায়ু সংকটের মানবিক চেহারা বুঝতে চাইলে এই জনপদের দিকে তাকানোই যথেষ্ট।
ঝুঁকির শুরু ভূগোল থেকেই। বঙ্গোপসাগরের কাছের এই নিচু, নদীবিধৌত অঞ্চলের শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলা এবং পাশের খুলনার কয়রা সুন্দরবন-সংলগ্ন লবণাক্ত এলাকা হিসেবে পরিচিত। এখানকার ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু নয়। সামান্য জলোচ্ছ্বাসেই বেড়িবাঁধ ভেঙে লোনাপানি লোকালয়ে ঢুকে পড়ে। একবার ঢুকলে সেই পানি মাসের পর মাস আটকে থাকে। কৃষিজমি অনুর্বর হয়, মিঠাপানির পুকুর নষ্ট হয়, বসতভিটা বসবাসের অযোগ্য হয়ে পড়ে। দুর্যোগ তাই এখানে একক কোনো ঘটনা নয়, দীর্ঘমেয়াদি ক্ষতির এক শৃঙ্খল।
গত দুই দশকে সাতক্ষীরা বারবার বড় ঘূর্ণিঝড়ের আঘাত সয়েছে। ২০০৭ সালের সিডর, ২০০৯ সালের আইলা, ২০২০ সালের আম্পান এবং ২০২১ সালের ইয়াস এই অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রতিটি ঝড়ের পর বাঁধ ভেঙেছে, লবণাক্ততা আরো ছড়িয়েছে, হাজারো পরিবার ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছে। আইলার পর শ্যামনগর ও আশাশুনির বহু এলাকা বছরের পর বছর পানির নিচে ছিল।
এই ধারাবাহিক দুর্যোগের অনিবার্য পরিণতি জলবায়ু-প্ররোচিত অভিবাসন। গ্রামে টিকতে না পেরে উপকূলের মানুষ ছুটছে জেলা শহরের দিকে। সাতক্ষীরা পৌরসভার তথ্য অনুসারে, পৌর এলাকায় এখন ৪৭টি বস্তিতে প্রায় ৫০ হাজার মানুষ বাস করে। ৮ নম্বর ওয়ার্ডের কামালনগর কিংবা ১ ও ৬ নম্বর ওয়ার্ডের বকাল ইসলামপুর বস্তির বাসিন্দাদের বড় অংশই এসেছেন শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, কয়রা ও দেবহাটার মতো দুর্যোগপ্রবণ এলাকা থেকে। একসময় যাঁরা কৃষক, চিংড়িচাষি বা জেলে ছিলেন, শহরে এসে তাঁরা হয়েছেন দিনমজুর, গৃহকর্মী, রিকশা-ভ্যানচালক কিংবা অনানুষ্ঠানিক ক্ষুদ্র ব্যবসায়ী।
যাঁরা গ্রামে থেকে যাচ্ছেন, তাঁদের অবস্থাও ভালো নয়। সাতক্ষীরার অর্থনীতি দীর্ঘদিন কৃষি, চিংড়ি ও মাছ চাষের ওপর দাঁড়িয়ে ছিল; জলবায়ুর অভিঘাত তিনটি খাতকেই দুর্বল করে দিয়েছে। মাটি ও পানিতে লবণ বেড়ে যাওয়ায় ধানসহ নানা ফসলের উৎপাদন কমেছে। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা আর দুর্বল নিষ্কাশনব্যবস্থার কারণে জমি অনাবাদি পড়ে থাকছে। চিংড়ি ও মাছের ঘের বারবার ভেসে যাওয়ায় চাষিরা ঋণের জালে জড়াচ্ছেন। আয়ের উৎস হারিয়ে পরিবারগুলো খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, অনেকে সন্তানের পড়াশোনা বন্ধ করে কাজে পাঠাতে বাধ্য হচ্ছেন। জলবায়ু পরিবর্তন এভাবে দারিদ্র্যকে আরো গভীর ও স্থায়ী করে তুলছে।
সবচেয়ে নীরব অথচ ভয়াবহ প্রভাবটি পড়ছে মানুষের স্বাস্থ্যে। সাতক্ষীরার বস্তিগুলোতে আয়োজিত কমিউনিটি পরামর্শসভায় বাসিন্দারা ডায়রিয়া, কলেরাসহ পানিবাহিত রোগ, চর্ম ও শ্বাসতন্ত্রের সমস্যা, তাপজনিত অসুস্থতা, মশাবাহিত রোগ, অপুষ্টি ও মানসিক চাপের কথা জানিয়েছেন। ক্যানসার, কিডনি ও মূত্রনালির রোগ এবং প্রজনন স্বাস্থ্যের জটিলতা নিয়েও তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। এসব রোগের মূলে রয়েছে নিরাপদ পানি ও স্যানিটেশনের তীব্র সংকট। বাসিন্দারা দুর্গন্ধযুক্ত পানি এবং আর্সেনিক দূষণের সন্দেহের কথা বলেছেন, যা পেটের পীড়া ও চর্মরোগের সঙ্গে সম্পর্কিত। অপর্যাপ্ত ও অস্বাস্থ্যকর শৌচাগার, অকার্যকর নালা, জলাবদ্ধতা আর বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি বস্তিগুলোকে রোগজীবাণুর আধারে পরিণত করেছে। লবণাক্ততার কারণে সুপেয় পানি এখানে দুর্লভ সম্পদ।
এই সংকটের ভার অবশ্য সবার কাঁধে সমানভাবে পড়ে না। পানি সংগ্রহের দায়িত্ব, অনিরাপদ স্যানিটেশন, আয়ের সীমিত সুযোগ এবং সিদ্ধান্ত গ্রহণে কম অংশগ্রহণের কারণে সাতক্ষীরার নারী ও কিশোরীরা অসমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আগাম সতর্কবার্তা পাওয়ার ক্ষেত্রেও তাঁরা পিছিয়ে রয়েছে। পর্যাপ্ত পানি, উপকরণ ও গোপনীয়তার অভাবে মাসিককালীন স্বাস্থ্যবিধি মেনে চলাও তাঁদের জন্য কঠিন। অনেক নারী সহিংসতা, শোষণ, খাদ্য নিরাপত্তাহীনতা ও মানসিক চাপের শিকার হওয়ার কথাও জানিয়েছেন। গর্ভবতী ও প্রসূতি নারী, প্রবীণ এবং প্রতিবন্ধী ব্যক্তিরা দুর্যোগের সময় চলাচল, চিকিৎসা ও পানি-স্যানিটেশন সেবা পেতে বাড়তি বাধার মুখে পড়েন। শিশুরা ভোগে শিক্ষা, যাতায়াত, স্বাস্থ্য ও নিরাপত্তার সংকটে। সমাজের সবচেয়ে প্রান্তিক অংশও এর বাইরে নয়। স্বাস্থ্যসেবা, জীবিকা, এমনকি সন্তানের জন্মনিবন্ধনের মতো মৌলিক অধিকারের জন্যও তাঁদের প্রতিনিয়ত লড়তে হয়। সব মিলিয়ে জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য, আবাসন, জীবিকা ও সুরক্ষার ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যকে আরো প্রকট করছে।
এমন বহুমাত্রিক সংকট খণ্ডিত উদ্যোগে মোকাবিলা করা যাবে না, দরকার সমন্বিত পদক্ষেপ। প্রথমত: জলবায়ু-সহনশীল পানি ও স্যানিটেশন অবকাঠামো গড়ে তুলতে হবে। আর্সেনিক ও লবণমুক্ত পানির জন্য গভীর নলকূপ বা আর্সেনিক-আয়রন অপসারণ প্ল্যান্ট স্থাপন, নারী ও প্রতিবন্ধীবান্ধব কমিউনিটি শৌচাগার নির্মাণ, নালা ও খাল খনন এবং বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করা জরুরি। দ্বিতীয়ত: জলবায়ু-সংবেদনশীল স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে হবে। ডেঙ্গু, ডায়রিয়া ও তাপজনিত অসুস্থতার মতো ঝুঁকি আগেভাগে শনাক্ত ও মোকাবিলায় কমিউনিটিকে প্রশিক্ষণ দেওয়া এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে রেফারেল সংযোগ গড়ে তোলা দরকার। তৃতীয়ত: বাস্তুচ্যুত পরিবার, বিশেষ করে, নারীপ্রধান পরিবারের জন্য জলবায়ু-সহনশীল বিকল্প জীবিকা, দক্ষতা উন্নয়ন, বাজার সংযোগ এবং আনুষ্ঠানিক আর্থিক সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। চতুর্থত: স্থানীয় শাসনব্যবস্থায় জলবায়ু অভিযোজনকে অন্তর্ভুক্ত করতে হবে। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের বাজেটে জলবায়ু-অভিবাসীদের জন্য বরাদ্দ রাখা, কমিউনিটি জলবায়ু সহনশীলতা কমিটিতে অন্তত অর্ধেক নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং আগাম সতর্কবার্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদার করা প্রয়োজন। পাশাপাশি টেকসই ও উঁচু বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, লবণসহিষ্ণু ফসলের প্রসার এবং সুন্দরবনের প্রাকৃতিক সুরক্ষাবলয় সংরক্ষণের মতো জাতীয় পর্যায়ের পদক্ষেপও অপরিহার্য। আন্তর্জাতিক অঙ্গনে ক্ষয়ক্ষতি তহবিল ও জলবায়ু অর্থায়নে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশের ন্যায্য হিস্যা আদায়ে সোচ্চার থাকাও জরুরি।
সাতক্ষীরা আজ এমন এক জনপদ, যেখানে ঘূর্ণিঝড় কেড়ে নেয় ঘরবাড়ি, লোনাপানি কেড়ে নেয় ফসল ও সুপেয় পানি, আর বাস্তুচ্যুতি মানুষকে ঠেলে দেয় শহরের অস্বাস্থ্যকর বস্তিতে। এই সংকটের ভার সবচেয়ে বেশি বইছে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ও প্রান্তিক মানুষ। অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে তাঁদের ভূমিকা প্রায় নেই বললেই চলে। তাই সাতক্ষীরার মানুষের সহনশীলতা গড়ে তোলা কেবল উন্নয়নের প্রশ্ন নয়, এটি জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন। সরকার, স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা ও কমিউনিটির সম্মিলিত ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগই পারে এই উপকূলীয় জনপদকে টিকে থাকার শক্তি জোগাতে, দেখাতে পারে একটি নিরাপদ ভবিষ্যতের পথ।

