সি চিন পিংয়ের উত্তরসূরি কে হতে পারেন, তা নিয়ে বাড়ছে জল্পনা

সি চিন পিং যখন চীনের প্রেসিডেন্ট এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সাধারণ সম্পাদক হিসেবে নিজের মেয়াদের দুইবারের সীমাবদ্ধতা ভেঙে পুনর্বহাল থাকার সিদ্ধান্ত নেন, তখন থেকেই তাঁর উত্তরসূরি কে হবেন—তা নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। যদিও সি বেশ কয়েকজন সম্ভাব্য উত্তরসূরিকে সরিয়ে দিয়েছেন, তবুও তাঁর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নতুন কাউকে মনোনীত করার প্রয়োজনীয়তা বাড়ছে। এখনো সর্বজনস্বীকৃত কোনো উত্তরসূরির নাম সামনে না এলেও, আগামী বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া সিসিপির ২১তম জাতীয় কংগ্রেসের আগে বা পরে এমন কারো উত্থানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

প্রাদেশিক কর্মকর্তাদের ব্যাপক রদবদল এই পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। ৪ সেপ্টেম্বর ১৯৭২ সালে জন্মগ্রহণকারী জু জোংমিংকে সাংহাইয়ের ডেপুটি পার্টি সেক্রেটারি থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে, যা অনেকে সির উত্তরসূরি তৈরির পরিকল্পিত বার্তা হিসেবে দেখছেন। তবে বিষয়টি আরও বিস্তৃত। ২৩ সেপ্টেম্বর আনহুই, হেনান এবং ফুচিয়েন প্রদেশে নতুন পার্টি সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে লি লেচেং (জন্ম ১৯৬৫) ও চৌ জুয়ি (জন্ম ১৯৬৫) যথাক্রমে আনহুই ও হেনানের দায়িত্ব নিয়েছেন এবং চাও লং (জন্ম ১৯৬৭) ফুচিয়েনের গভর্নর থেকে প্রাদেশিক পার্টি সেক্রেটারি হয়েছেন।

গত ২৪ অক্টোবর পঞ্চম প্লেনাম শুরুর ঠিক আগে রদবদলের গতি আরও বৃদ্ধি পায়। হুনানে ওয়াং চিজুন (জন্ম ১৯৬৫) এবং ইউনানে মো গাওয়ি (জন্ম ১৯৬৪) পার্টি সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে ফুচিয়েনে গো নিংনিং (জন্ম ১৯৭০), ছিংহাইয়ে জুগে ইউজিয়ে (জন্ম ১৯৭১) এবং হুনানে সিয়ে ওয়েইচিয়াং (জন্ম ১৯৭৩) গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন। এটি স্পষ্টভাবে একটি প্রজন্মগত পরিবর্তনের সংকেত দেয়, যেখানে প্রাদেশিক পার্টি সেক্রেটারির পদগুলোতে ১৯৬৪ থেকে ১৯৬৯ সালের মধ্যে জন্মগ্রহণকারী কর্মকর্তারা জায়গা করে নিচ্ছেন এবং ১৯৭০-এর দশকের কর্মকর্তারা গভর্নরের পদে উঠে আসছেন।

কেন্দ্রীয় পর্যায়েও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী চাং চেংজোং, রাষ্ট্রায়ত্ত সম্পদ নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান চেং ফু বো এবং কমিউনিস্ট ইউথ লিগের প্রথম সম্পাদক আ দোং—সবাই ১৯৭০ সালে জন্মগ্রহণ করেছেন। এই তরুণ ক্যাডাররা এখন শীর্ষ আমলাতন্ত্রের মূল কেন্দ্রে প্রবেশ করছেন। সি চিন পিংয়ের মানদণ্ড অনুযায়ী, উত্তরসূরিকে অবশ্যই রাজনৈতিকভাবে যোগ্য, অনুগত, সৎ এবং বড় ধরনের ঝুঁকি মোকাবিলের সক্ষমতা সম্পন্ন হতে হবে। অন্যান্য যোগ্যতা ঠিক থাকলে, ১৯৬৭ থেকে ১৯৭৫ সালের মধ্যে জন্মগ্রহণকারী কর্মকর্তাদের এই তালিকায় থাকার সম্ভাবনা বেশি। তবে সাধারণ সম্পাদক নির্বাচনের ক্ষেত্রে সি এমন কাউকে খুঁজছেন, যিনি তাঁর রাজনৈতিক উত্তরাধিকার ও অবদানকে অস্বীকার করবেন না।

সি সম্ভবত আরও দুই মেয়াদের জন্য অর্থাৎ ২০২৭ থেকে ২০৩৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তাই এখনই সুনির্দিষ্ট কোনো উত্তরসূরি ঘোষণা করার প্রয়োজন তাঁর নেই। তিনি এমন কাউকে চান যিনি ব্যবস্থা নিয়ন্ত্রণে শক্তিশালী কিন্তু রাজনৈতিকভাবে পূর্বাভাসযোগ্য। তবে এটি সির জন্য সুবিধাজনকও হতে পারে; কারণ একজন প্রবীণ নেতার পক্ষে সির নিজস্ব উত্তরাধিকার থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমার ধারণা, ২১তম সেন্ট্রাল কমিটির বয়সের মূল কেন্দ্রবিন্দু ১৯৬৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে জন্মগ্রহণকারীদের দিকে ঝুঁকে পড়বে স্পষ্টভাবেই। ২০৩০-এর দশকের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নেতাকে অত্যন্ত সংকীর্ণ পথ ধরে হাঁটতে হবে। ২১তম পার্টি কংগ্রেস সম্ভবত আমাদের শুধু দৌড়ের শেষ ধাপে থাকা ব্যক্তিদের নাম জানাতে পারে, তবে চূড়ান্ত উত্তরসূরি কে হবেন, তা এখনই স্পষ্ট হওয়ার সম্ভাবনা কম।