গাজীপুরের নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন পালন

আজ ১৩ নভেম্বর কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন। এই বিশেষ দিনটিকে ঘিরে তার নিজের হাতে গড়া গাজীপুরের নুহাশ পল্লীতে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রিয় লেখককে স্মরণ করা হচ্ছে। শুক্রবার নুহাশ পল্লীতে মিলাদ মাহফিল, দোয়া, কেক কাটা এবং হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই আয়োজনে তার স্ত্রী মেহের আফরোজ শাওন, পরিবারের সদস্য এবং লেখকের অসংখ্য ভক্ত ও অনুরাগীরা অংশ নিচ্ছেন।

ভক্তদের জন্য নুহাশ পল্লীর প্রবেশদ্বার উন্মুক্ত রাখা হয়েছে। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা এই দিনে প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে ভিড় করেন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করা হুমায়ূন আহমেদের বাবা ছিলেন ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন।

কথার জাদুকর হিসেবে খ্যাত এই লেখক একাধারে গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার, নাট্যনির্দেশক, চলচ্চিত্র নির্মাতা ও প্রাবন্ধিক ছিলেন। যুক্তরাষ্ট্রে উচ্চতর গবেষণা শেষে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করা হুমায়ূন আহমেদ কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে অধ্যাপনা ছেড়ে তিনি পুরোপুরি লেখালেখিতে মনোনিবেশ করেন।

তিন শতাধিক গ্রন্থের রচয়িতা হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাসের তালিকায় রয়েছে ‘নন্দিত নরকে’, ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’ ও ‘মাতাল হাওয়া’। হিমু, রূপা, মিসির আলী ও শুভ্রর মতো অবিস্মরণীয় সব চরিত্রের স্রষ্টা তিনি। নাটক ও চলচ্চিত্র নির্মাণেও তিনি অসামান্য জনপ্রিয়তা পান। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’ ও ‘আজ রবিবার’ দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছিলেন। ‘আগুনের পরশমণি’, ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’ ও ‘ঘেটুপুত্র কমলা’ তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র। সাহিত্য ও চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ। মৃত্যুর পর তাকে নিজের হাতে গড়া গাজীপুরের নুহাশ পল্লীতে লিচুগাছের নিচে সমাহিত করা হয়। মৃত্যুর এক যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও তার সাহিত্য, নাটক ও চলচ্চিত্র আজও বাঙালি পাঠক ও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।