বরিশালে নানকের বাসভবনে হামলা, মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে ছাত্রদলের একদল নেতাকর্মী এই হামলা চালান বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ওই ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয় এবং এরপর সেখানে অগ্নিসংযোগ করা হয়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

একই সময়ে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল নগর ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনার খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মিছিল ও অবরোধের ঘটনা ঘটে। বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ তার ফেসবুক পেজে এসব ঘটনার ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালানো হয়েছে এবং বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন। এসব স্লোগানে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার দাবিও উঠে আসে। ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের মুখ ঢাকা থাকায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, সাবেক সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)-এর অনুসারী মহানগর যুবলীগের নেতাকর্মীরা গড়িয়ারপাড়সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

এ ছাড়া বুধবার রাতে গড়িয়ারপাড় এলাকায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খানের অনুসারীদের বিরুদ্ধেও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। তবে স্থানীয়দের দাবি, এসব অবরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, মহাসড়কে বড় ধরনের কোনো অবরোধের খবর তাদের কাছে নেই।

এদিকে, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাতভর বরিশাল নগরসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে দেখা গেছে। বিভিন্ন এলাকায় তাদের মহড়া দিতেও দেখা যায়, যার ফলে রাতভর বরিশালে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ৩৯ ও ৫৬ সেকেন্ডের দুটি ভিডিওর সূত্র ধরে গড়িয়ারপাড় এলাকায় খোঁজ নেওয়া হলে স্থানীয়রা জানান, ভোররাতের দিকে মহাসড়কে অল্প সময়ের জন্য মিছিলের শব্দ শোনা গেছে। তবে ঘটনাটি দীর্ঘস্থায়ী হয়নি।