গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বুধবার সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই বিশেষ আয়োজনের অংশ হিসেবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) ব্যবস্থাপনায় শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন: সিগনিফিক্যান্স অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে বৈশ্বিক যোগাযোগে চীনা ভাষার গুরুত্ব এবং এই ভাষা শিক্ষার সুযোগ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শেখানোর এই সময়োপযোগী পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে এই উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকেও (ইউজিসি) ধন্যবাদ জানান তিনি।
উপাচার্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর এবং চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে বৈশ্বিক কর্মবাজার ও প্রযুক্তিতে অভূতপূর্ব পরিবর্তন আসছে। এই বাস্তবতায় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য ভাষায় দক্ষ করে তোলা এখন সময়ের অপরিহার্য দাবি। তিনি আরও বলেন, বিদেশি ভাষার দক্ষতা জনশক্তি রপ্তানির সম্ভাবনা বাড়াবে এবং কর্মবাজারকে বহুমুখী করবে। এছাড়া বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে চীনা ভাষা শিক্ষা বৈশ্বিক ভ্যালু চেইনে বাংলাদেশের অংশগ্রহণ সুদৃঢ় করতে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করবে।

