চট্টগ্রাম নগরের পতেঙ্গায় পোশাকশ্রমিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মো. আলমগীর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পতেঙ্গা থানার লিংক রোডের নতুন ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর দুর্ঘটনাকবলিত বাসটির চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় অন্তত ১৮ থেকে ১৯ জন শ্রমিক আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি কর্ণফুলী ইপিজেডের 'বেনটক বিডি' নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মস্থলে নিয়ে যাচ্ছিল। কর্ণফুলী টানেল থেকে বের হয়ে লিংক রোডে ওঠার সময় দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে চালকের সহকারী আলমগীর গুরুতর আহত হন। বাসে থাকা বেশ কয়েকজন শ্রমিকও এতে আহত হন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর ও হিনজুরসহ মোট ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং অন্য আহতদেরও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। পতেঙ্গা থানার ওসি মো. পারভেজ জানান, দুর্ঘটনার কারণ ও বিস্তারিত বিষয় পুলিশ খতিয়ে দেখছে।

