হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলা, ওমান উপসাগরে জাহাজ থেকে ২২ জন উদ্ধার

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র এবং ইরান একে অপরের জাহাজে হামলা চালানোর ঘটনায় অঞ্চলটিতে অত্যন্ত নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। ওমান উপসাগরে আগুন লাগা একটি কার্গো জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে হরমুজ প্রণালির কাছে মাইন বিস্ফোরণে দুটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটে। ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) এই মাইন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কেশম, জাস্ক, সিরিক এবং বন্দর আব্বাসের মতো এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে তারা এটিকে সরাসরি হামলা হিসেবে উল্লেখ করেনি। ধারণা করা হচ্ছে, এগুলো ইরানের সামরিক মহড়া বা নতুন কোনো যুদ্ধের প্রস্তুতির অংশ হতে পারে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই এই এলাকাগুলোতে হামলার কথা নিশ্চিত করেনি। তবে বিচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্র ইরানি জাহাজে হামলা চালাচ্ছে এবং এর জবাবে ইরান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই অঞ্চলে জাহাজগুলোতে হামলা করছে বা আটকে দিচ্ছে। এই পাল্টাপাল্টি হামলার কারণে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার গভীর আশঙ্কা তৈরি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল গার্ড জানিয়েছে, ওমান উপসাগরে একটি কার্গো জাহাজে আগুন লাগার খবর পেয়ে তারা ২২ জনকে উদ্ধার করেছে। এক্সে দেয়া এক বিবৃতিতে তারা জানায়, জাহাজের ক্রুদের কাছ থেকে খবর পেয়ে তাদের বিশেষ দল সেখানে পৌঁছায় এবং আরব বংশোদ্ভূত ওই ২২ জনকে নিরাপদে উদ্ধার করে। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের স্থিতিশীল অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে বিবৃতিতে আগুন লাগার কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এর আগে আইআরজিসি দাবি করেছিল, হরমুজ প্রণালির কাছে দুটি তেলের ট্যাংকার মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। আইআরজিসির ভাষ্যমতে, ট্যাংকার দুটি তাদের নেভিগেশন এবং পজিশনিং সিস্টেম বন্ধ রেখে অননুমোদিত রুট ব্যবহারের চেষ্টা করেছিল।