পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন আদালত

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার মামলাটির শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে পরীমণি আদালতে সশরীরে উপস্থিত না হয়ে তাঁর আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন জানান। আদালত সেই আবেদন নাকচ করে দিয়ে নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ৮ জুন রাতে সাভারের বোট ক্লাবে ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। এই মামলায় পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম এবং ফাতেমা তুজ জান্নাত বনিকেও আসামি করা হয়েছিল।

পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তদন্ত শেষে পিবিআই পরীমণি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত পিবিআইয়ের সেই প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। এর আগে আসামিরা জামিনে থাকলেও বুধবার নির্ধারিত দিনে আদালতে হাজিরা না দেওয়ায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।