জোরারগঞ্জ থানার ওসিকে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকি

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত বুধবার রাতে ওসির সরকারি মুঠোফোনে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এই বার্তা পাঠান। বিষয়টি শুক্রবার জানাজানি হয়। এ ঘটনায় ওসি নিজেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ই নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত (+২৭) একটি নম্বর থেকে ওসির হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হয়। নম্বরটির প্রোফাইলে ইংরেজিতে ‘এন এম জামাল’ নাম ব্যবহার করা হয়েছে। শুরুতে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা পাঠানো হয়। পরবর্তীতে ওসিকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগের মতো দায়িত্ব পালন অব্যাহত রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হুমকি প্রদানকারী নিজেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে বলেছে, এরপর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে ওসির পরিবার ও বংশ ধ্বংস করে দেওয়া হবে। এছাড়া অন্যায়ভাবে গ্রেপ্তার থেকে বিরত থাকতে ওসিকে সতর্ক করা হয়েছে। সর্বশেষ বার্তায় ওসিকে কাফনের কাপড় প্রস্তুত রাখতে বলা হয় এবং রাস্তায় পড়ে থাকার হুমকি দেওয়া হয়।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশি টহল কার্যক্রম পরিচালনার সময় তিনি এসব বার্তা পান। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী আইনের আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ায় এমন হুমকি দেওয়া হতে পারে বলে তিনি ধারণা করছেন। ওসি আরও বলেন, হুমকিদাতা দক্ষিণ আফ্রিকার নম্বর ব্যবহার করলেও এটি দেশের ভেতর থেকেও পরিচালিত হতে পারে। পুলিশ এই নম্বরের পরিচয় শনাক্ত ও জড়িত ব্যক্তিকে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু করেছে। তিনি এসব হুমকিতে ভীত নন এবং নিজের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।