পিউ রিসার্চের পূর্বাভাস ঘিরে যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষী তোপ

বিশ্বজুড়ে ধর্মীয় জনগোষ্ঠীর পরিবর্তন নিয়ে পিউ রিসার্চ সেন্টারের একটি গবেষণার ফল প্রকাশের পর যুক্তরাষ্ট্রে নতুন করে ইসলামবিদ্বেষী তৎপরতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তোপ শুরু হয়েছে। ওই গবেষণায় জানানো হয়েছে, ২০৩৫ সালের মধ্যেই বিশ্বব্যাপী মুসলমানের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে। এই পূর্বাভাস সামনে আসার পরপরই মার্কিন ডানপন্থি রাজনীতিক, প্রভাবশালী ভাষ্যকার ও বিভিন্ন রক্ষণশীল সংগঠন মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে ইসলামবিরোধী বক্তব্য ছড়ানো শুরু করেছে।

পিউ রিসার্চের গবেষণায় ২০ ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সময়ের বৈশ্বিক হিসাব বিশ্লেষণ করে বলা হয়েছে, মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা দ্রুত গতিতে বাড়বে। এতে বলা হয়, আগামী ৫০ বছরে বর্তমান প্রবণতা বজায় থাকলে মুসলমানের সংখ্যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পাবে এবং ২০৭০ সালের মধ্যে তা প্রায় ৩৬০ কোটিতে গিয়ে পৌঁছাবে। মূলত মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তুলনামূলক তরুণ বয়সের জনসংখ্যার আধিক্য এবং উচ্চ জন্মহারই এই দ্রুত প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। এছাড়া ২০৭০ সালের মধ্যে বিশ্বজুড়ে সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে টপকে যাবে পাকিস্তান।

গবেষণার তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকাতেও মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির আভাস দেখা গেছে। ওই অঞ্চলে মুসলমানদের সংখ্যা তিন গুণেরও বেশি হতে পারে, যেখানে প্রধান ভূমিকা রাখবে অভিবাসন। বিশেষভাবে যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা প্রায় ৯০ লাখ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বৃদ্ধির পরও দেশের মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশ হবেন মুসলিম ধর্মাবলম্বীরা। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার আনুমানিক ১ থেকে ১ দশমিক ৬ শতাংশ মানুষ মুসলিম।

যুক্তরাষ্ট্রে মুসলমানদের এই সংখ্যা বৃদ্ধির পূর্বাভাস প্রকাশিত হতেই দেশটির ডানপন্থি ও রক্ষণশীল রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে জোর আলোচনা তৈরি হয়। টেক্সাসের প্রতিনিধি পরিষদের সদস্য কিথ সেলফ মার্কিন অভিবাসননীতিকে ব্যর্থ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, ‘আমাদের দেশ খ্রিষ্টীয় বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমরা যদি বিষয়টি নিয়ন্ত্রণে আনতে না পারি, তাহলে নিজেদের দেশ, স্বাধীনতা ও ঐতিহ্য হারাব।’ অন্যদিকে, সাবেক হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মার্কিন নাগরিকদের প্রজনন হার বাড়ানোর আহ্বান জানিয়ে আরও বেশি সন্তান নেয়ার পরামর্শ দিয়েছেন।

রক্ষণশীল অন্যান্য সংগঠনগুলোও এই গবেষণার পর তাদের বক্তব্য নিয়ে মাঠে নেমেছে। মার্কিন সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ এক বিবৃতিতে সে দেশের নাগরিকদের ‘জেগে ওঠার’ আহ্বান জানিয়েছে। আর এক ধাপ এগিয়ে অলাভজনক সংস্থা সেন্টার ফর রিনিউয়িং আমেরিকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে দাবি করেছে, ‘আমাদের দেশকে রক্ষার কাজটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। আর সেই কাজের একটি অংশ হলো আমেরিকায় ইসলামকে পরাজিত করা।’