শিক্ষাক্রমে তৃতীয় ভাষা চালুর উদ্যোগ: কতটুকু প্রস্তুত শিক্ষাঙ্গন

দেশের শিক্ষাব্যবস্থায় বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি নতুন একটি বিদেশি ভাষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা রয়েছে। এর আগে ৩০টি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষাকেন্দ্র গড়ে তোলার কথা জানানো হয়েছিল। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখানোর ভাবনা রয়েছে।

নতুন এই পরিকল্পনায় স্থান পেয়েছে আটটি বিদেশি ভাষা। এগুলো হলো আরবি, চীনা, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান, স্প্যানিশ ও ইতালীয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এসব ভাষা আয়ত্ত করতে পারলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, আন্তর্জাতিক স্তরে যোগাযোগ ও দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কেন্দ্র খোলা যতটা সহজ, দেশের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার স্কুলে তা বাস্তবায়ন করা ততটাই জটিল।

বিশ্ববিদ্যালয়ে ভাষা কেন্দ্র স্থাপনে অবকাঠামো ও শিক্ষক নিয়োগের সুযোগ থাকলেও মাধ্যমিক স্কুলে প্রধান বাধা হয়ে দাঁড়াবে দক্ষ শিক্ষকের সংকট। শুধু ভাষা জানা আর তা শ্রেণিকক্ষে পড়ানো এক বিষয় নয়। শিশু ও তরুণ শিক্ষার্থীদের শেখানোর জন্য দরকার বিশেষ শিক্ষাদান পদ্ধতি, বয়স অনুযায়ী পাঠদান কৌশল এবং মূল্যায়ন দক্ষতা। কোন ভাষার জন্য কতজন শিক্ষক লাগবে, তাঁদের কীভাবে নিয়োগ দেওয়া হবে কিংবা বেতন-ভাতা ও প্রশিক্ষণ কীভাবে নিশ্চিত হবে—সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেখা যায়নি।

শিক্ষকদের সঠিক সম্মানী ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ না থাকলে এ কার্যক্রম শুধু কাগজ-কলমেই আটকে থাকার ঝুঁকিতে পড়বে। তা ছাড়া গ্রামীণ ও শহরের বিদ্যালয়ের সুবিধার তফাত আরেকটি বড় সংকট তৈরি করতে পারে। শহরের নামি বিদ্যালয়গুলো বাড়তি ফি আদায় করে বিদেশি শিক্ষক রাখতে পারলেও গ্রামের স্কুলগুলোতে শ্রেণিকক্ষ, বিদ্যুৎ ও ইন্টারনেটের মতো মৌলিক সুবিধাই অপর্যাপ্ত। ফলে এমন পদক্ষেপে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে ভাষাগত ব্যবধান আরও বাড়ার শঙ্কা থাকে।

এদিকে আমাদের দেশের মূল শিক্ষাব্যবস্থায় এখনো প্রাথমিক স্তরের দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ২০২৩ সালে ৫ থেকে ১৬ বছর বয়সী ১,৫০০-র বেশি শিশুর ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, প্রায় ৬২ শতাংশ ছেলে ও ৫৩ শতাংশ মেয়ে বাংলায় সহজ গল্প পড়তে পারে না। আর ইংরেজিতে গল্প পড়তে ব্যর্থ হয়েছে প্রায় ৮৫ শতাংশ ছেলে ও ৮৩ শতাংশ মেয়ে। এই চিত্র ইঙ্গিত দেয় যে মূল ভাষাতেই শিক্ষার্থীদের ভিত্তি এখনো নড়বড়ে।

প্রাথমিক শিক্ষায় ঘাটতি রেখে নতুন ভাষা চাপিয়ে দিলে তা শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক ও শিক্ষাগত চাপ তৈরি করতে পারে। এ ছাড়া সব শিক্ষার্থীর ভবিষ্যৎ লক্ষ্য এক নয়। কেউ কারিগরি খাতে যাবে, কেউ দেশে থাকবে আবার কেউ বিদেশে পাড়ি জমাবে। তাই সবার ওপর একটি ভাষা বাধ্যতামূলক না করে শিক্ষার্থীর আগ্রহ ও শ্রমবাজারের চাহিদা বুঝে সিদ্ধান্ত নেওয়া দরকার। যেমন মধ্যপ্রাচ্যের স্বাস্থ্য বা সেবা খাতের জন্য আরবি, প্রযুক্তি বা শিল্পে জাপানি ও কোরীয় এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ম্যান্ডারিন ভাষা বেশি উপযোগী।

শুধু ভাষাজ্ঞানই বিদেশি শ্রমবাজারে ভালো চাকরি নিশ্চিত করে না; এর সাথে কারিগরি দক্ষতা ও কাজের অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ সফল করতে হলে দীর্ঘমেয়াদি একটি জাতীয় ভাষানীতি তৈরি করা প্রয়োজন। শুরুতেই সারাদেশে শিক্ষক চাহিদার জরিপ পরিচালনা করা যেতে পারে। এরপর বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষা শিক্ষক তৈরির জন্য বিশেষ ডিপ্লোমা কোর্স চালু, বিদেশি দূতাবাস ও বিশ্ববিদ্যালয়ের সহায়তা নেওয়া এবং প্রত্যন্ত অঞ্চলের সংকট মেটাতে অনলাইন শিক্ষক ও ডিজিটাল উপাদানের সমন্বিত ব্যবহারের কথা ভাবা যেতে পারে।

বাস্তবায়নের প্রক্রিয়াটি ধাপে ধাপে এগোলেই সুফল পাওয়ার সম্ভাবনা বেশি। শুরুতেই সব স্কুলে চালু না করে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এটি শুরু করা উচিত। সেখান থেকে শিক্ষক সংকট, কারিকুলামের উপযোগিতা ও শিক্ষার্থীদের আগ্রহ পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যুক্তিসংগত হবে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে আন্তর্জাতিক কাজের চাহিদাকে প্রাধান্য দিয়ে ধাপে ধাপে এগোতে হবে।