ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ এবং হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতে মঙ্গলবার ভোরে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরেই মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে হামলা চালিয়ে যাচ্ছে।
ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার ভোরে দক্ষিণ ইরানের ওই এলাকাগুলোতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দাবি করেছে, কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণ হয়েছে। এছাড়া আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বন্দর লেঙ্গেহতে সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে। তবে এসব বিস্ফোরণের কারণ বা এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এসব সামরিক অভিযানকে প্রতিরক্ষামূলক বলে অভিহিত করেছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথে বাধা সৃষ্টি বা জাহাজে হামলার সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই মার্কিন বাহিনী এসব পদক্ষেপ নিচ্ছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনাকে খাটো করে দেখার চেষ্টা করেছেন। তিনি বলেন, কয়েক মাস ধরে তাদের মধ্যে কোনো লড়াই নেই। তবে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি নিশ্চিত করেছেন যে, কাতারের মধ্যস্থতায় দুই দেশ বার্তা আদান-প্রদান করছে এবং এ লক্ষ্যে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দোহা সফর করেছেন।
উল্লেখ্য যে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানও পাল্টা ব্যবস্থা নিয়েছিল। পরবর্তীতে এপ্রিলে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। যদিও হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ১৮ জুন উভয় দেশ একটি সমঝোতা স্মারক সই করেছিল, কিন্তু নিরাপত্তা সংক্রান্ত মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে আছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে দক্ষিণ ইরানের কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে দফায় দফায় বিস্ফোরণের খবর জানিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় সময় সোমবার (২ নভেম্বর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা জিতেছি’। তিনি আরও বলেন, ‘এটাকে আদৌ যুদ্ধ বলা যায় কিনা, তা আমি জানি না। কারণ, কয়েক মাস ধরে আমরা কোনো লড়াই করছি না।’

