রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের টানা বিক্ষোভ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় হিসেবে সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। সহিংসতা ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এখন পর্যন্ত পুলিশ ২৯ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর মডেল থানায় ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণের অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত হিসেবে তিন হাজার জনকে আসামি করা হয়েছে এবং এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান অব্যাহত রাখা হয়েছে এবং ধৃতদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।
অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ট্রাফিক বক্স ভাঙচুর এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে তিনটি আলাদা মামলা হয়েছে। পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন জানান, তিনটি মামলারই বাদী পুলিশ। এসব মামলার প্রতিটিতে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ জন করে অজ্ঞাত আসামি করা হয়েছে। পল্লবী থানা এলাকায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সহিংসতার নেপথ্যে রাজনৈতিক পরিকল্পনার কথা জানিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের মতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা আন্দোলনরত সাধারণ শ্রমিকদের সুযোগ নিয়ে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন। তারা একটি অনলাইন গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়ে বড় ধরনের নাশকতার ছক এঁকেছিলেন। ডিবি জানায়, মিরপুরে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। তারা মূলত স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন; বরং শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও আতঙ্ক ছড়াতে বিভিন্ন জেলা থেকে সেখানে জড়ো হয়েছিলেন।
এদিকে সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার বেলা পৌনে ১১টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকার একটি গলি থেকে শ্রমিকেরা মূল সড়কে নামার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ও কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে মিরপুর-২ নম্বর স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা মোড় এলাকাতেও শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে রোববার সকাল আটটা থেকে মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ১১টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। জবাবে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং দুপুর পৌনে ১২টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। দুপুরের দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে একটি পুলিশ পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপদ চলাচলের স্বার্থে বেলা ১১টা ৩৮ মিনিট থেকে বেলা ১টা ৫৮ মিনিট পর্যন্ত মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোস্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এর আগের দিন শনিবারও একই দাবিতে বেলা সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ পার্শ্ববর্তী সড়ক অবরুদ্ধ রাখা হয়েছিল।

