আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

ঘটনার বিষয়ে অধ্যাপক কাজী আহমেদ জাকি গণমাধ্যমকে জানান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা সংঘবদ্ধ হয়ে তার কার্যালয়ে প্রবেশ করে এই হামলা চালিয়েছেন। তিনি জানান, ঘটনার সময় তিনি নিজের কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছিলেন। সে সময় ৮-৯ জন ব্যক্তি তার কক্ষে ঢুকে তাকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে তুলে মারধর শুরু করেন।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ। তবে তিনি এর পেছনে কাজী আহমেদের দায় রয়েছে বলে দাবি করেন। তিনি সাংবাদিকদের মুঠোফোনে একটি ছবি দেখিয়ে প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কাজী আহমেদ কীভাবে মীরজাদী সাবরিনা ফ্লোরার সঙ্গে তার অফিসে বৈঠক করতেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সময় মীরজাদী সাবরিনা ফ্লোরা আইইডিসিআরের পরিচালক ছিলেন এবং পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।