পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের একটি প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রস্তাব পেশ করেন।
বৈঠকে খাদ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত এই সাইলোর ধারণক্ষমতা ২ থেকে ৫ লাখ মেট্রিক টন পর্যন্ত করা যেতে পারে। রাশিয়ার রাষ্ট্রদূত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সাক্ষাতের সময় রাশিয়ার পক্ষ থেকে সরকার-টু-সরকার (জি টু জি) ভিত্তিতে বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব দেওয়া হয়। এছাড়া রাশিয়ার অর্থায়নেই কক্সবাজারের মহেশখালীতে একটি সাইলো নির্মাণের প্রস্তাবও তুলে ধরেন রাষ্ট্রদূত।
মহেশখালীতে সাইলো নির্মাণের বিষয়ে খাদ্যমন্ত্রী জানান, ওই এলাকায় জমির স্বল্পতার কারণে বড় অবকাঠামো নির্মাণ কঠিন হতে পারে। এর পরিবর্তে পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জমি ব্যবহারের সম্ভাবনা তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, পায়রা বন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগ সুবিধা থাকায় সেখানে বৃহৎ ধারণক্ষমতার সাইলো নির্মাণের সুযোগ রয়েছে। প্রাথমিকভাবে ২ লাখ মেট্রিক টন দিয়ে শুরু করে পরে তা ৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা সম্ভব।
আফরোজা খানম উল্লেখ করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাশিয়া থেকে আমদানিকৃত গম দেশে সংরক্ষণ সহজ হবে। এতে দেশের বেসরকারি গম আমদানিকারক প্রতিষ্ঠানগুলো যেমন সুবিধা পাবে, তেমনি সরকারের প্রয়োজনেও সংরক্ষিত গম ব্যবহারের সুযোগ তৈরি হবে। এছাড়া নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জের বাঘাবাড়ীর মতো গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্রগুলোতে গম পরিবহন আরও কার্যকর হবে।
রাশিয়া থেকে সরকারি পর্যায়ে গম আমদানির প্রস্তাবটি পর্যালোচনার পর সিদ্ধান্ত জানানো হবে বলে মন্ত্রী রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তিনি রাষ্ট্রদূতকে পায়রা সমুদ্রবন্দর সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানান। বৈঠকে রাশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি অ্যানেসতেশিয়া নিমোভা, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

