সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধের লক্ষ্যে স্থানীয় জনগণের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ অক্টোবর শনিবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর উদ্যোগে চিনাউড়া ও আশাউড়া সীমান্ত এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজনে নেতৃত্ব দেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানা।
সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান, মাদক ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। বিজিবি’র পক্ষ থেকে স্থানীয়দের আহ্বান জানানো হয় যে, সীমান্তে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা অবৈধ পণ্য পরিবহন চোখে পড়লে যেন দ্রুত নিকটস্থ বর্ডার আউটপোস্টে (বিওপি) তথ্য দিয়ে সহায়তা করা হয়।
সীমান্ত সুরক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ নির্মূলে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা, সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয় এই সভায়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
