‘স্প্যানিশ নোবেল’খ্যাত প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার পেলেন লিওনেল মেসি

খেলার মাঠে বর্ণাঢ্য ক্যারিয়ারের পাশাপাশি নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখার জন্য ২০২৬ সালের 'প্রিন্সেস অব আস্তুরিয়াস অব অ্যাওয়ার্ড ফর স্পোর্ট' জিতেছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা পেলেন তিনি।

স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াস প্রদেশের রাজধানী ওভিয়েদোর ঐতিহ্যবাহী তেত্রো কাম্পামোয়র থিয়েটারে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনর আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতে একটি পার্চমেন্ট স্ক্রল তুলে দেন। স্পেনের রাজা ও রানি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পুরস্কার বিতরণী মঞ্চে মেসির প্রশংসায় রাজকন্যা লিওনর বলেন, মেসি খেলাটাকে নিখুঁতভাবে পড়তে পারেন এবং সেকেন্ডের ভগ্নাংশে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে তিনি অসাধারণ বিষয়কে প্রতিদিনের সাধারণ ঘটনায় পরিণত করেছেন। একই সঙ্গে তিনি সর্বদা নিজের অহংকারকে দূরে সরিয়ে দলীয় চেতনাকে সবার ওপরে স্থান দিয়েছেন।

পুরস্কার নিতে ওভিয়েদোতে পৌঁছানোর সময় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ব্যাগপাইপ আর ঢোলের বাজনার মধ্যে আর্জেন্টিনার জার্সি পরিহিত বহু সমর্থক উল্লাসে মেতে ওঠেন এবং বারবার মেসির নাম ধরে স্লোগান দিতে থাকেন।

১৯৮১ সালে প্রবর্তিত এই 'প্রিন্সেস অব আস্তুরিয়াস' পুরস্কারকে বিশ্বজুড়ে ‘স্প্যানিশ নোবেল’ হিসেবেও গণ্য করা হয়। প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন প্রতিবছর শিল্প, বিজ্ঞান ও ক্রীড়া—এই তিন ক্ষেত্রে মানবীয় সহাবস্থান, সংহতি এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এটি প্রদান করে। এই পুরস্কারের অংশ হিসেবে বিজয়ী পান ৫০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা), স্প্যানিশ শিল্পী জোয়ান মিরোর নকশা করা একটি ভাস্কর্য, একটি সনদ ও প্রতীকী পদক।

শুক্রবার (২৩ অক্টোবর) আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে ক্রীড়া বিভাগ ছাড়া অন্য ক্ষেত্রেও বিশিষ্ট ব্যক্তিরা পুরস্কার গ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, যুক্তরাষ্ট্রের অগ্রগামী নভোচারী ক্রিস্টিনা কোচ এবং পাঙ্ক সংগীত তারকা প্যাটি স্মিথ। উল্লেখ্য, ক্রীড়া শাখায় এর আগে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথন বিশ্বরেকর্ডধারী এলিউদ কিপচোগে এবং মার্কিন স্কিয়ার লিন্ডসে ভন এই সম্মাননা লাভ করেছিলেন।