রাঙামাটির সাজেক এলাকার গঙ্গারাম বাজারে স্থানীয় সাধারণ জনগণকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ এবং পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলিবর্ষণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের এমন কর্মকাণ্ডের কারণে সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সেখানে ভ্রমণরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন।
আইএসপিআর বিজ্ঞপ্তিতে ঘটনার বিবরণ তুলে ধরে জানায়, আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। সকাল আনুমানিক ১০টার দিকে গঙ্গারাম বাজার এলাকায় সড়ক অবরোধ করে পর্যটকবাহী যানবাহনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি টহল দল পর্যটকদের নিরাপদে চলাচলের পথ সুগম করতে অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসে। তবে আলোচনা চলাকালেই সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ইউপিডিএফের প্ররোচনায় উসকে উঠে অবরোধকারীরা হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে এবং যানবাহন চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী বেলা ১১টার দিকে ইউপিডিএফের সশস্ত্র ক্যাডাররা হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের উদ্দেশ্যে আনুমানিক ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় পর্যটকদের সুরক্ষা ও নিজেদের আত্মরক্ষার্থে সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলি চালালে সশস্ত্র হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অবরুদ্ধ পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এই দফায় সহিংসতার ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
আইএসপিআর-এর পর্যালোচনা অনুযায়ী, ইউপিডিএফ কর্তৃক সংঘটিত এই অবরোধ ও গুলিবর্ষণের ঘটনাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। স্থানীয় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে শামিল হতে বাধ্য করা এবং মানবঢাল হিসেবে ব্যবহার করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে। পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর চলমান ধারাবাহিক অভিযানের কারণে কোণঠাসা হয়েই ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা পর্যটন এলাকায় আস্তানা গেড়ে এমন ঘটনা ঘটিয়েছে। এ ধরনের সহিংসতা পাহাড়ে শান্তি ও স্থায়িত্ব বিনষ্ট করার পাশাপাশি পর্যটনশিল্প ও স্থানীয়দের জীবিকায় ধস নামাচ্ছ। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী ভবিষ্যতেও দায়িত্ব পালন করে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে সকাল আনুমানিক ১১টায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে আনুমানিক ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে বলে প্রাথমিকভাবে জানা যায়। এ সময় সেনাবাহিনীর টহল দল আত্মরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাল্টা গুলিবর্ষণ করলে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অবরুদ্ধ পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
