উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বরাদ্দকৃত জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন যথাযথভাবে দেশ ও মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহিত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকার উন্নয়ন প্রকল্পের লক্ষ্য অর্জনে বাজেট বরাদ্দ দেয়, কিন্তু এই অর্থ জনগণের। তিনি কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন যে, সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সাধারণ জনগণের তুলনায় সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। তাই এই সুযোগকে মানুষের কল্যাণে কাজে লাগানো তাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, 'আমরা যারা এখানে আছি, বাংলাদেশের মোট জনসংখ্যার তুলনায় আমরা সবাই সুবিধাপ্রাপ্ত। আল্লাহ তা’আলা আমাদের দেশ ও মানুষের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছেন। যার যতটুকু কাজ করার সুযোগ আছে, আমরা যেন তা আন্তরিকভাবে করতে পারি।'
দায়িত্ব পালনের সুযোগ সব সময় আসে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি কর্মকর্তাকে তার ওপর অর্পিত দায়িত্ব দেশ ও মানুষের স্বার্থে যথাযথভাবে পালন করতে হবে। এছাড়া, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত প্রদানের আহ্বান জানান।
ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও আলোচনার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী আশা করেন, পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে তাদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরবেন। সভা শেষে তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, যার হাতে যতদিন সুযোগ আছে, সেই সুযোগটি যেন মানুষ ও দেশের জন্য ঠিকভাবে কাজে লাগানো হয়।

