বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিল্প খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। তবে দেশের কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্বাবলম্বী হয়ে টিকে থাকুক বা মুনাফা অর্জন করুক, তা অশুভ চক্রান্তকারীরা কখনোই মন থেকে চায় না।
শনিবার দুপুরে টঙ্গীর হোন্ডা রোডে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নিয়ন্ত্রণাধীন ‘বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড’-এর আধুনিকায়ন ও নতুন আঙ্গিকে নির্মিত কারখানার বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কারখানার নতুন এই বাণিজ্যিক যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
কারখানার ইতিহাস তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্লেড কারখানাটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে ১৯৮৫ সালে এর পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় এবং ১৯৮৬ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়। তিনি বর্তমান সময়ে কারখানাটিকে আরও শক্তিশালী ও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে কোনো অশুভ শক্তি এর উৎপাদন প্রক্রিয়া ব্যাহত করতে না পারে।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদুল ইসলাম এবং বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলামসহ অন্যান্যরা।

