এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এতে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এই বক্তব্যের পরপরই ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশের বিষয়টি সামনে এলো।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার বা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা তাণ্ডব চালানোর পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে নতুন সাইনবোর্ড ও ব্যানার লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এই সমিতির কার্যক্রমের সঙ্গে বিএনপির স্থানীয় বেশ কয়েকজন নেতা যুক্ত রয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া ও মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা এই সমিতির সাধারণ সদস্য হিসেবে থাকলেও মূলত তারাই সবকিছু নিয়ন্ত্রণ করেন। এলাকায় তারা সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন ফেরদৌসী আহমেদ। সেই সময় তিনি ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে বর্তমানে তিনি ওই সমিতির সঙ্গে যুক্ত নন বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন।