মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘দুই পাখি’ এবং নাটক ‘রক্তকরবী’র মূল ভাবনার সমন্বয়ে মঞ্চে আসছে নতুন নাট্য প্রযোজনা ‘দুই পাখি ও নন্দিনী’। এটি নাট্যদল নাগরিক নাট্যাঙ্গনের ২৮তম নাট্যপ্রযোজনা। আগামীকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন বিশিষ্ট নাট্যশিল্পী ও নির্দেশক ষড়েশ্বর্য লাকী ইনাম।

বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট ও ইন্টারনেটনির্ভর বিশ্বে মানুষের জীবন যেন এক ধরনের রোবটিক অস্তিত্বে পরিণত হয়েছে। নাটকের প্রেক্ষাপটে দুই ধরনের মানুষের জীবন তুলে ধরা হয়েছে—একদল প্রাচুর্য ও বিলাসিতায় থাকলেও পরাধীন, আর অন্যদল অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে থেকেও মুক্ত। এই দুই সত্ত্বার পারস্পরিক সাক্ষাতে মুক্তির বারতা খোঁজার প্রচেষ্টায় মঞ্চে উপস্থিত হন ‘রক্তকরবী’ নাটকের নন্দিনী। যক্ষপুরীর রাজা মকররাজের শোষণের যাঁতাকলে পিষ্ট মানুষের মানবিক অধিকার ফিরিয়ে আনতে নন্দিনীর দ্রোহ ও আত্মত্যাগের গল্পই এই নাটকের মূল উপজীব্য।

নির্দেশক লাকী ইনাম জানান, রবীন্দ্রনাথের এই দুটি সৃষ্টির মূল সুরই হলো মানুষের স্বাধীনতা। তিনি বলেন, “স্বাধীনতা মানে কেবল খাঁচা ভাঙা নয়, বরং প্রাচীর তোলার মানসিকতা ভাঙা। নিজে বাঁচা এবং অপরকে নিয়ে বাঁচতে দেওয়ার নামই প্রকৃত স্বাধীনতা।” নাটকের পান্ডুলিপি রচনায় হৃদি হক তাকে অনুপ্রাণিত করেছেন বলেও জানান তিনি। এছাড়া দলের সকল কর্মীর সহযোগিতা এবং মঞ্চের আলোক বিশেষজ্ঞ ঠান্ডু রায়হানের পরামর্শ এই প্রযোজনাকে সমৃদ্ধ করেছে।

নিজের ৭৫ বছর পূর্তিকে নাটকের নতুন সৃজন ও মঞ্চায়নের মাধ্যমে উদযাপন করতে চেয়েছেন উল্লেখ করে লাকী ইনাম বলেন, “আশৈশবই আমার জীবন শিল্প-সংস্কৃতি ও নাটকে নিবেদিত। তাই জন্মদিন উদযাপনের মাধ্যম হিসেবে আমি নাটককেই বেছে নিয়েছি।”