পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের জন্য মানবতার কণ্ঠস্বর

প্রতি বছর ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ পালন করে পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ বিলুপ্তির আন্তর্জাতিক দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর নানা প্রান্তে শান্তি, নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের প্রয়োজনীয়তা। কিন্তু সভা-সেমিনার বা আলোচনার টেবিল শেষ হওয়ার পর একটি কঠিন প্রশ্ন অমীমাংসিত থেকে যায়—যদি পারমাণবিক অস্ত্র এতই ভয়াবহ হয় যে তা কখনো ব্যবহারের অযোগ্য, তবে কেন রাষ্ট্রগুলো আধুনিক নিরাপত্তার নামে সেগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করছে? পারমাণবিক যুগের সবচেয়ে বেদনাদায়ক বৈপরীত্য সম্ভবত এখানেই।

বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তার অজুহাতে পারমাণবিক অস্ত্র ধরে রাখতে চায়, অথচ অন্য দেশগুলোকে তা অর্জন থেকে বিরত রাখার চেষ্টা করে। তাদের যুক্তিতে পারমাণবিক অস্ত্রের ভয় বড় যুদ্ধ আটকাতে পারে, কিন্তু এটি একটি গভীর নৈতিক সংকট তৈরি করে। যে অস্ত্র মানবসভ্যতার অস্তিত্ব বিপন্ন করতে পারে, তার মালিকানা কি কারও জন্য নিরাপদ এবং অন্য কারও জন্য বিপজ্জনক হতে পারে? কৌশল বা ভূরাজনীতির চেয়েও বড় সত্য হলো মানুষের জীবন ও ভবিষ্যৎ।

১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণের ধ্বংসলীলা আজও ইতিহাসের ক্ষত হয়ে আছে। মুহূর্তের মধ্যে শহরগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। দীর্ঘমেয়াদী বিকিরণজনিত অসুস্থতা ও দগ্ধতার যন্ত্রণা প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াচ্ছে। হিরোশিমা ও নাগাসাকির জীবিত প্রত্যক্ষদর্শী ‘হিবাকুশারা’ প্রায় আট দশক ধরে বিশ্বকে একটিই বার্তা দিয়ে আসছেন—আর হিরোশিমা নয়, আর নাগাসাকি নয়। ২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জাপানের হিবাকুশাদের সংগঠন ‘নিহন হিদানকিও’ পারমাণবিক অস্ত্রের ভয়াবহতার জীবন্ত সাক্ষ্য বহন করে চলেছে।

বর্তমান পৃথিবীতেও বিপদ কমেনি। বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এখনও তাদের অস্ত্রভাণ্ডার আধুনিক করছে। হাজার হাজার পারমাণবিক অস্ত্র থাকা কি সত্যিই সভ্যতাকে নিরাপদ রাখে, নাকি এটি একে অপরকে ধ্বংস করার সক্ষমতার ওপর নির্ভর করে বেঁচে থাকার এক চরম ঝুঁকি? বিশ্বের অসংখ্য মানুষ যখন খাদ্য, শিক্ষা ও চিকিৎসার জন্য লড়াই করছে, তখন বিপুল অর্থ ও বৈজ্ঞানিক মেধা ব্যয় হচ্ছে শহর ধ্বংসকারী অস্ত্র তৈরির পেছনে। শক্তিশালী রাষ্ট্রগুলোর এই দৃষ্টিভঙ্গি অন্য দেশগুলোকেও পারমাণবিক অস্ত্র অর্জনে প্রলুব্ধ করছে, যা পুরো বিশ্বকে এক বৈশ্বিক নিরাপত্তা সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

জাতিসংঘ ১৯৪৬ সালে তার শুরুর দিকেই পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আট দশক পরও পৃথিবী সেই ছায়া থেকে মুক্ত হতে পারেনি। এখন প্রয়োজন কেবল ঘোষণাপত্র নয়, বরং মানবিক বিবেকের নতুন জাগরণ। শিক্ষকরা নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে পারেন, অভিভাবকরা সন্তানদের শান্তির গুরুত্ব বোঝাতে পারেন এবং নাগরিক সমাজ এ বিষয়ে সোচ্চার হতে পারে। ডিজিটাল যুগে হিবাকুশাদের জীবন্ত সাক্ষ্য পৌঁছে দেওয়া সম্ভব সেই প্রজন্মের কাছে, যারা যুদ্ধের ভয়াবহতা কেবল বই বা সিনেমার মাধ্যমে চেনে।

সবচেয়ে বিপজ্জনক হলো পারমাণবিক অস্ত্রের অস্তিত্বকে স্বাভাবিক বলে মেনে নেওয়া। পৃথিবী শুধু পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর নয়, এটি সেই শিশু, মা, কৃষক ও তরুণ প্রজন্মের, যাদের হাতে কোনো পারমাণবিক বোতাম নেই কিন্তু পরিণতি তাদের সবার জীবনেই আসবে। পারমাণবিক নিরস্ত্রীকরণ কেবল কূটনীতির বিষয় নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ যে আশার অঙ্গীকার করেছিল, তা রক্ষায় আমাদের সংঘাতের পরিবর্তে সংলাপ এবং ধ্বংসের পরিবর্তে কূটনীতিকে বেছে নিতে হবে। পারমাণবিক অস্ত্রহীন পৃথিবী হয়তো আজও দূরের স্বপ্ন, কিন্তু প্রতিটি বড় পরিবর্তনের শুরু হয় একটি মানবিক স্বপ্ন থেকে। এমন এক পৃথিবী গড়তে হবে, যেখানে কোনো শিশুকে পারমাণবিক বোমার অর্থ জানতে হবে না।