দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত জাতীয় বেতন স্কেল-২০২৬-এর এই প্রজ্ঞাপনে বেতন নির্ধারণের পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুবিধার হারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। নতুন এই নিয়ম চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, ৫০ বছর বয়স পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মাসে ৩ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন এবং ৫০ বছরের বেশি বয়স থেকে অবসর-উত্তর ছুটি বা পিআরএল শেষ হওয়া পর্যন্ত এই ভাতার পরিমাণ হবে ৪ হাজার টাকা। বর্তমানে সব কর্মচারী মাসে দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও চিকিৎসা ভাতা বাড়িয়ে ৩ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যেখানে বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সীরা আড়াই হাজার টাকা এবং অন্যরা দেড় হাজার টাকা পান।
১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। তবে যারা প্রতিষ্ঠান থেকে দুপুরের খাবার বা লাঞ্চ ভাতা পান, তারা এই টিফিন ভাতা পাবেন না। একই গ্রেডের কর্মচারীদের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তান থাকা চাকরিজীবীরা সন্তানপ্রতি ৩ হাজার টাকা করে ভাতা পাবেন, যা অনধিক দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
পাহাড়ি ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। পার্বত্য জেলা সদর ও সদর উপজেলায় নিযুক্তরা মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং অন্যান্য উপজেলায় সর্বোচ্চ ৫ হাজার ৫০০ টাকা পাহাড়ি ভাতা পাবেন। বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ হারে নির্ধারিত হয়েছে। মোবাইল ভাতার আওতা বাড়িয়ে সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে; যেখানে পঞ্চম গ্রেড ও তার ওপরের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মীরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন।
বাড়িভাড়ার হার এলাকা ও গ্রেডভেদে নতুন করে নির্ধারণ করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ২০তম থেকে ১৬তম গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া পাবেন, অন্যান্য গ্রেডের ক্ষেত্রে তা ৫০ থেকে ৪০ শতাংশ। অন্যান্য সিটি করপোরেশন ও নির্দিষ্ট পৌর এলাকায় গ্রেড অনুযায়ী ৩০ থেকে ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ২৫ থেকে ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারিত হয়েছে। আর মূল বেতন ৩৫ হাজার ৫০১ টাকার বেশি হলে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৫০ শতাংশ হারে, তবে ন্যূনতম ১৯ হাজার ৫০০ টাকা বাড়িভাড়া পাওয়া যায়। তবে শিক্ষাসহায়তা ভাতার মতো কিছু সুবিধা আগের মতোই রাখা হয়েছে।
নতুন বেতনকাঠামো বাস্তবায়নে ধাপে ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত বেতনের ৪০ শতাংশ এবং ১০-২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তা যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশে উন্নীত হবে এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে শতভাগ বেতন কার্যকর হবে। গত ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতনও পাবেন। এছাড়া ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ভাতা বর্তমান হারেই বহাল থাকবে এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন ভাতার হার পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।
খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় গ্রেড অনুযায়ী ৫০ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত এবং অন্যান্য এলাকায় গ্রেড অনুযায়ী ৪৫ শতাংশ থেকে ২৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।.বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত হলে ৬৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৫ হাজার ৬০০ টাকা বাড়িভাড়া পান চাকরিজীবীরা।
৯ হাজার ৭০১ টাকা থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত মূল বেতন হলে ৬০ শতাংশ হারে, তবে ন্যূনতম ৬ হাজার ৪০০ টাকা বাড়িভাড়া পাওয়া যায়।

