দেশের প্রতিটি নাগরিকের মাথায় এখন ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকার বেশি ঋণের বোঝা রয়েছে। জাতীয় সংসদে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য প্রকাশ করেছেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য রেজা আহমেদ তাঁর প্রশ্নে জানতে চেয়েছিলেন দেশের বর্তমান মাথাপিছু ঋণ কত, ২০২৬ সালে তা কত ছিল এবং এই ঋণের বোঝা লাঘবে সরকারের পরিকল্পনা কী। এর জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সুনির্দিষ্টভাবে ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা।
এই ঋণের চাপ কমাতে এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সরকার বেশ কিছু কঠোর পদক্ষেপ নিচ্ছে। অর্থমন্ত্রী জানান, অতিরিক্ত ও অপরিকল্পিত ঋণ গ্রহণ এড়াতে এখন থেকে ‘অ্যানুয়াল বরোয়িং প্ল্যান’ (Annual Borrowing Plan) বা বার্ষিক ঋণ পরিকল্পনা প্রণয়ন ও তা অনুসরণের ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া সরকারের নগদ অর্থের প্রয়োজন, রাজস্ব ও ব্যয়ের প্রবাহ এবং ঋণ পরিশোধের সময়সূচিকে সমন্বয় করতে ‘ক্যাশ ফোরকাস্টিং’ (Cash Forecasting)-এর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ‘পাবলিক মানি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০০৯’ (PMBM Act)-এর বিধান অনুসরণের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনাকে আরও বেশি জবাবদিহিমূলক করার চেষ্টা চলছে।
সরকারি ঋণের সুদজনিত ব্যয় ও ঝুঁকি কমিয়ে আনতে একটি বাজারভিত্তিক ও সুশৃঙ্খল ঋণ ব্যবস্থাপনা গড়ে তোলার কথা জানান অর্থমন্ত্রী। এ লক্ষ্যে অভ্যন্তরীণ ঋণবাজারের উন্নয়ন এবং সরকারি সিকিউরিটিজের বাজারকে আরও কার্যকর করা হচ্ছে। সঞ্চয়পত্রের মাধ্যমে অতিরিক্ত ঋণ নেওয়া নিয়ন্ত্রণে রাখতে একটি নির্দিষ্ট সীমা বা সিলিং অনুসরণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সঞ্চয়পত্রের সুদের হারকে বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উচ্চ ব্যয়ের ঋণের ওপর নির্ভরতা কমে আসবে এবং সরকারের সামগ্রিক সুদ ব্যয় নিয়ন্ত্রণে রেখে একটি ভারসাম্যপূর্ণ ঋণ পোর্টফোলিও তৈরি করা সম্ভব হবে।
ঋণের প্রয়োজনীয়তা কমিয়ে আনতে সরকারের নিজস্ব আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। এজন্য কর ও কর-বহির্ভূত রাজস্ব (এনটিআর) বৃদ্ধি এবং রাজস্ব আহরণের পরিধি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ব্যয়কে আরও সাশ্রয়ী ও ফলপ্রসূ করতে অপ্রয়োজনীয় বা কম অগ্রাধিকারযুক্ত খাতের ব্যয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যা সরকারের সামগ্রিক অর্থায়নের চাহিদাকে কমিয়ে আনবে। এসব সমন্বিত উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদে জনগণের ওপর ঋণের চাপ কমানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

