বিশ্বকাপের হাফটাইম শোতে শাকিরা-ম্যাডোনাদের পারিশ্রমিক নিয়ে যা জানা গেল

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত ফিফা ২০২৬ বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে জমকালো হাফটাইম শোর আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করেছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। বিশ্বের অন্যতম বড় এই মঞ্চে তাদের পারফরম্যান্স নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ থাকলেও, দ্য অ্যাথলেটিক-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন এক তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, এই তিন শিল্পী অনুষ্ঠানের জন্য কোনো অর্থ বা পারিশ্রমিক গ্রহণ করছেন না। শাকিরা, ম্যাডোনা এবং বিটিএস তাদের সময় ও পারফরম্যান্স গ্লোবাল সিটিজেন-এর সামাজিক উদ্যোগের জন্য উৎসর্গ করছেন। অর্থাৎ, আর্থিক পারিশ্রমিকের পরিবর্তে তারা মানবিক বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবেই এই বিশাল মঞ্চকে ব্যবহার করছেন।

এই রীতিটি যুক্তরাষ্ট্রের সুপার বোল হাফটাইম শোর সাথে সামঞ্জস্যপূর্ণ। সেখানেও সাধারণত শিল্পীরা পারফরম্যান্সের জন্য আলাদা কোনো পারিশ্রমিক পান না। বরং বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় এই টেলিভিশন সম্প্রচারের সুযোগ কাজে লাগিয়ে তারা নিজেদের ব্র্যান্ড ভ্যালু ও জনপ্রিয়তা বৃদ্ধির সুযোগ পান। এবারের হাফটাইম শোটি পরিচালনা করেছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই তারকাদের প্রশংসা করে বলেছেন, তাদের সংগীত সীমানা ও প্রজন্মের গণ্ডি অতিক্রম করতে সক্ষম। তার মতে, এই আয়োজন ফুটবল, ঐক্য ও মানবতার এক অনন্য উদযাপন। উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল বিশ্বজুড়ে প্রায় ১৪২ কোটি বা ১.৪২ বিলিয়ন দর্শক উপভোগ করেছিলেন। সে হিসেবে এবারের হাফটাইম শো বিশ্বের অন্যতম বড় দর্শকসমাগমের মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।