কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে লোক প্রশাসন বিভাগকে ২–১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এর আগে একই দিন সকাল ১০টায় টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে একাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে ১–০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বাংলা বিভাগ।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার খেলোয়াড়দের শৃঙ্খলা ও সুন্দর খেলার প্রশংসা করেন। তিনি বলেন, “উদ্বোধনের দিন আমরা তোমাদের নিজেদের মধ্যে সংঘর্ষ এড়িয়ে খেলতে বলেছিলাম। তোমরা সেই কথা রেখেছ। সবগুলো ম্যাচ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। বিজয়ী ও বিজিত উভয় দল এবং তৃতীয় স্থান অর্জনকারী বাংলা বিভাগকেও অভিনন্দন জানাই।”
উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম টুর্নামেন্টটি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি এই সাফল্যের কৃতিত্ব ১৯টি বিভাগের খেলোয়াড়, প্রক্টোরিয়াল টিম, ক্রীড়া পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষকদের দেন। উপাচার্য আরও ঘোষণা করেন, চ্যাম্পিয়ন দলের সঙ্গে বাকি ১৮টি দলের খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত একটি দলের বিশেষ ম্যাচ আয়োজন করা হবে। সেই ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আগামী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার জন্য কুবি দল গঠন করা হবে।

