উগান্ডায় ডাকাতের পিটুনিতে জনপ্রিয় ফুটবলার ডেভিড ওয়োরির মর্মান্তিক মৃত্যু

উগান্ডার অন্যতম জনপ্রিয় ফুটবলার ডেভিড ওয়োরি ডাকাতের পিটুনিতে প্রাণ হারিয়েছেন। ২৭ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুতে পুরো উগান্ডাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজধানী কাম্পালায় নিজ বাড়ির কাছেই মর্মান্তিক এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোন ও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টার প্রতিবাদ করায় ওয়োরির ওপর এই নৃশংস হামলা চালানো হয়।

ওয়োরি উগান্ডা প্রিমিয়ার লিগের রেকর্ড ১৭ বারের চ্যাম্পিয়ন স্পোর্টস ক্লাব ভিলার অধিনায়ক ছিলেন। ক্লাবটিতে তিনি রাইটব্যাক ও মিডফিল্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উগান্ডা জাতীয় দলের হয়েও খেলার সুযোগ পেয়েছেন। ভক্তদের কাছে তিনি ‘কোলগেট’ নামে পরিচিত ছিলেন।

উগান্ডার সংবাদমাধ্যম দ্য অবজারভার জানিয়েছে, গত মঙ্গলবার রাত আটটার দিকে মাকিন্ডিয়েতে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাঁর গতিরোধ করে। দুর্বৃত্তরা ইট দিয়ে ওয়োরির মাথায় ও শরীরে আঘাত করে এবং তাঁর সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিয়ে তাঁকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত কাছের একটি ক্লিনিকে এবং পরে অবস্থার অবনতি হলে কেস ক্লিনিকে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাম্পালা মেট্রোপলিটন পুলিশের উপ-মুখপাত্র লুক ওয়োইয়েসিগিরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করতে গোয়েন্দারা অভিযান ও তদন্ত চালিয়ে যাচ্ছেন। তবে ঠিক কী কী জিনিস ছিনতাই হয়েছে বা হামলার সুনির্দিষ্ট কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওয়োরির মৃত্যুতে উগান্ডা ফুটবল ফেডারেশন ও তাঁর ক্লাব স্পোর্টস ক্লাব ভিলা গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবটি তাদের শোকবার্তায় লিখেছে, তারা শুধু একজন খেলোয়াড়কেই হারায়নি, বরং একজন নেতা, ভাই ও বন্ধুকে হারিয়েছে। উগান্ডা জাতীয় ফুটবল দল ‘দ্য ক্রেনস’ জানিয়েছে, ওয়োরি ছিলেন পুরো প্রজন্মের অনুপ্রেরণা এবং উগান্ডার আশা-আকাঙ্ক্ষার প্রতীক। উগান্ডার সংসদেও তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

ওয়োরি দুই বছর ইউরোপের ক্লাব ফুটবলে কাটিয়ে ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে স্পোর্টস ক্লাব ভিলায় ফিরে আসেন। ২০২৪ সালে ক্লাবের দীর্ঘ ২০ বছরের অপেক্ষার পর লিগ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর মৃত্যুতে উগান্ডায় সহিংস অপরাধের লাগামহীন পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই কাম্পালায় গণপিটুনিতে জাতীয় রাগবি দলের খেলোয়াড় সিডনি গংগোদিয়োর মৃত্যুর ঘটনা ঘটেছিল।

এর আগে ২০১৮ সাল থেকে ২০২১ পর্যন্ত প্রথম মেয়াদে ছিলেন স্পোর্টস ক্লাব ভিলায়।সাম্বিয়া ইয়াং স্টারস একাডেমিতে ওয়োরির ফুটবলের হাতেখড়ি।

২০১৬ সালে যোগ দেন দেশের ক্লাব ভাইপার্স এসসিতে।