তথ্য ফাঁসের হুমকি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, পাল্টা চ্যালেঞ্জ রাশেদের

প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খান অভিযোগ করেছেন যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে বিভিন্ন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৪টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ তুলে ধরেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, বৃহস্পতিবার বিকালে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে অনুরোধ করেছিলেন যেন তিনি তার বিরুদ্ধে আর কোনো কথা না বলেন। বিনিময়ে পাটওয়ারীও রাশেদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেবেন না বলে জানান। রাশেদ খান তাকে বলেছিলেন, যদি তিনি মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করেন, তবেই বিষয়টি ভেবে দেখা হবে। রাশেদের দাবি অনুযায়ী, তখন পাটওয়ারী বলেছিলেন যে তিনি মিডিয়াতে এ বিষয়ে কথা বলেছেন এবং ভবিষ্যতে এসব আর করবেন না।

তবে একই রাতে পাটওয়ারী পুনরায় ফোন করে রাশেদ খানকে হুমকি দেন। রাশেদ খান লিখেছেন, রাতে কল করে তিনি বলেন, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেব। আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন! আমি সব ফাঁস করে দেব। রাশেদ খান দাবি করেন, তিনি তখন পাটওয়ারীকে এসব তথ্য প্রকাশ করে দিতে বলেন। এরপর পাটওয়ারী তার ফ্ল্যাট কেনার বিষয়ে তথ্য-প্রমাণ থাকার দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে রাশেদ খান আরও লেখেন, এরপর বলল- আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন! উত্তরে আমি বললাম- আমার কোনো ফ্ল্যাট নেই, আর কোনো দিন নাহিদ-আসিফ থেকে ১ টাকা নিইনি! তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে, সব ফাঁস করে দাও!

রাশেদ খানের মন্তব্য, তিনি শুরুতে ভেবেছিলেন পাটওয়ারী তার ভুল বুঝতে পেরেছেন এবং তাকে একটি সুযোগ দেওয়া উচিত। কিন্তু পরের দিনই পাটওয়ারী তার দেওয়া কথা ভুলে গিয়ে আবারও আবোলতাবোল বকা শুরু করায় তিনি হতাশ হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, তিনি আর কোনো কথা বলবেন না এবং চুপ থাকবেন। তিনি বলেছিলেন, আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখব ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।