ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার শিবাজি পার্কে জড়ো হয়েছিলেন হাজার হাজার তরুণ বিক্ষোভকারী। 'তেলাপোকা (ককরোচ) জনতা পার্টি'র ব্যানারে আয়োজিত এই আন্দোলনে এসএফআইসহ বিভিন্ন যুব সংগঠনের কর্মীরা অংশ নেন। তেরঙ্গা পতাকা হাতে এবং ব্যঙ্গাত্মক পোস্টার প্রদর্শন করে তারা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। সিজেপি নেতা অভিজিৎ দীপকে সরকারের কঠোর সমালোচনা করে বলেন, জনগণের জরুরি উদ্বেগ সমাধানে ব্যর্থতার কারণেই দুই মাসের মধ্যে বিক্ষোভকারীরা ফের রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তিনি হুঁশিয়ারি দেন যে, তাদের 'গো, জ্ঞানু, গো' দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এদিকে রাজধানীর যন্তর মন্তরে একই দাবিতে আয়োজিত বিক্ষোভ থেকে অন্তত ১১০০ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। আটককৃতদের মধ্যে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অতীশী রয়েছেন, যাকে পুলিশ টেনেহিঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সিপিআইএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট, আইসা নেত্রী নেহা বোরা এবং আপ সাংসদ সঞ্জয় সিং-সহ দলটির শীর্ষ স্থানীয় নেতারাও পুলিশের হাতে আটক হন।
ছাত্র-যুব ও নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভের পেছনে মূলত আপ, আইসা, রাজ্যসভার সাংসদ মনোজ ঝা এবং আইনজীবী প্রশান্ত ভূষণের সক্রিয় ভূমিকা ছিল। তবে পুলিশ এই সমাবেশের অনুমতি দেয়নি। অননুমোদিত এই জমায়েত রুখতে যন্তর মন্তর ও নয়াদিল্লির সংবেদনশীল এলাকাগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ান। এছাড়া মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে বহু রাস্তা বন্ধ রাখার পাশাপাশি ১১টি মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

