জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালী-বিধির ৬৮ বিধির আলোচনার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনযাপনের প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী সাদামাটা জীবনযাপন করেন; জাঁকজমকপূর্ণ পোশাক বা বিলাসিতা এড়িয়ে চলেন এবং সাধারণভাবে চলেন। শফিকুর রহমান আরও উল্লেখ করেন, তিনি যখন শোনেন প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে, তখন তিনি উৎসাহিত হন। তিনি বলেন, “খুব ভালো লাগে। কারণ এত কম টাকায় আমিও খাইতে পারি না। একদম প্লেনলি বলতেছি। আমার বোধহয় আর একটু বেশি খরচ হয়।”
বিরোধীদলীয় নেতার এমন মন্তব্যের সময় সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান হাতের ইশারায় তাকে খাবার খাওয়ার আমন্ত্রণ জানান। একই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মাইক ছাড়াই বিরোধীদলীয় নেতাকে খাওয়ানোর কথা বলেন এবং প্রধানমন্ত্রীর দিকে ইশারা করেন। এর জবাবে শফিকুর রহমান বলেন, “হ্যাঁ, খাওয়ায় দিবেন? অনেক ধন্যবাদ। আমি তো একা খাব না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খাইতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরেও ধন্যবাদ এই অফারটা দেওয়ার জন্য।”
তবে প্রধানমন্ত্রীর জীবনযাপনের প্রশংসা করার পাশাপাশি যারা তাকে নিজেদের ‘আইকন’ হিসেবে তুলে ধরেন, তাদের আচরণের সমালোচনাও করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আইকন বললে তার ভালো দিকগুলো অনুসরণ করা উচিত, কিন্তু বাস্তবে তার বিপরীত চিত্র দেখা যায়। তিনি বলেন, “তিনি যদি এই সমস্ত মানুষের আইকন হয়ে থাকেন, তাহলে তাকে তো ফলো করা উচিত। সকল ক্ষেত্রে ফলো করা উচিত। তখন সেটা তো আমরা দেখি না। আমরা জাস্ট তার রিভার্সটাই দেখি।”
একই সঙ্গে প্রধানমন্ত্রীও ভুলের ঊর্ধ্বে নন মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সব কথায় ‘হ্যাঁ’ বলার প্রয়োজন নেই। এর আগে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

