ফাঁসির রশি নিয়ে যুব সমাজ প্রস্তুত, শেখ হাসিনাকে জামায়াত আমিরের হুঁশিয়ারি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ছেড়ে পালানোর পর তিনি বারবার দেশে ফেরার কথা বলছেন। তিনি অভিযোগ করেন, এভাবে শেখ হাসিনা ১৩ বার ফেল করেছেন। তিনি বলেন, আপনি আসুন, যুব সমাজ আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং তারা ফাঁসির রশি নিয়ে প্রস্তুত আছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুর-১০ এ ঢাকা মহানগর জামায়াতের আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা। জামায়াত আমিরের নির্বাচনী এলাকায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফসল। তাই সরকারকে এই বিপ্লবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তিনি জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার পাশাপাশি আহত ও পঙ্গু যোদ্ধাদের সুচিকিৎসা ও সম্মানজনক পুনর্বাসনের দাবি জানান। তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের নামে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ করা উচিত।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন, কিন্তু এখন সরকারই সেই গণভোটের রায়কে অবৈধ বলছে। তিনি মন্তব্য করেন, গণভোট অবৈধ হলে সরকার ও সংসদ সবই অবৈধ এবং দেশে কোনো বৈধ সরকার নেই। সরকারকে সব ধরনের টালবাহানা বন্ধ করে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ পাঁচ বছরের জন্য ক্ষমতা বুকিং দিয়েছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, সেই সময় অনেকের মধ্যে হতাশা তৈরি হলেও আল্লাহ রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। এরপরই জুলাই দেশ ও জাতির মুক্তির পয়গাম নিয়ে এসেছিল।

মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেন এবং সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।