ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির এবং ডিএনসিসির মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে একটি জবাবদিহিতামূলক আধুনিক ঢাকা উত্তর গড়ে তুলতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর ভাষানটেক থানায় আয়োজিত এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই সভায় এলাকার বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষিবিদ, সাংবাদিক ও সুধীজন অংশ নেন। অনুষ্ঠানে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।
ভাষানটেক থানা জামায়াতের আমির ডা. মো. আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন আরাফাত, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আলী হাসান ওসামা এবং ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মেজর (অব.) সাইফুল ইসলাম, মেজর (অব.) রিয়াজ হোসেন, মেজর (অব.) মোহাম্মদ জিল্লাল হোসেন, কমান্ডার সিদ্দিকুর রহমান, বিশিষ্ট কৃষিবিদ ডক্টর আব্দুল মান্নান এবং হাজি সিদ্দিক আহমেদ প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে ভাষানটেক থানা নায়েবে আমির মো. আব্দুর রহিম, থানা সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসেন খানসহ থানা শূরা ও কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ভাষানটেক এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা, সুযোগ-সুবিধা, জনকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সুধীজনরা এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে একটি উন্নত ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে বিভিন্ন পরামর্শ দেন।
সভায় বক্তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব সমাজ গঠনে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময়, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর তারা বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

