মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরাহ পালন শেষে ঢাকায় ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত, যেন কোনো নির্দিষ্ট পক্ষের সঙ্গে সম্পর্ক গভীর করতে গিয়ে অন্য কোনো রাষ্ট্র বা অঞ্চলের সঙ্গে দেশের স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়।
দেশের বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অতিরিক্ত দাম ও ভুতুড়ে বিল পরিশোধ করার পরও নাগরিকরা পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছেন না। পরিস্থিতি ২০০৫ সালের আগের সময়ের মতো সংকটাপন্ন হয়ে উঠছে।
প্রবাসী শ্রমবাজারের অনিয়ম ও বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের বিমান টিকিটের দাম প্রায় ৩৫০ ডলার বা প্রায় ৪০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছিল। কিন্তু বর্তমানে সিন্ডিকেটের কারসাজিতে সেই টিকিটের দাম ৬০ থেকে ৭০ হাজার টাকা, এমনকি ৮০ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে। মালয়েশিয়ার শ্রমবাজারের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্য দেশের কর্মীদের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের দেশটিতে যেতে ৮ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে, যা কোনোভাবেই একটি লেভেল প্লেয়িং ফিল্ড বা ন্যায্য পরিস্থিতি নয়। এসব সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে তিনি কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
১১ দলীয় জোটের লংমার্চ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এটি একটি রাজনৈতিক কর্মসূচি। বিরোধী দলের গণতান্ত্রিক শক্তি মূলত তাদের প্রতিবাদের সক্ষমতার ওপরই নির্ভর করে। জনগণের কষ্টগুলো তুলে ধরার পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে এটি তাদের একটি প্রতিবাদ এবং সংস্কার প্রতিশ্রুতির অংশ।

