দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করার পাশাপাশি আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার বিকেলে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় এনসিপি আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
দেশের সামগ্রিক নিরাপত্তা বজায় রাখতে সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, সংগীশিল্পী ও বিএনপির সাংস্কৃতিক অঙ্গনের কর্মী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা উদ্বেগের একটি স্পষ্ট চিত্র। একজন অতি পরিচিত মানুষের নিরাপত্তা দিতে যেখানে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে, সেখানে সাধারণ নাগরিকদের নিরাপত্তা কতটা নিশ্চিত—সে বিষয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক।
স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি মন্তব্য করেন, নিজ এলাকায় জনগণের নিরাপত্তা দিতে অক্ষম ব্যক্তি পুরো দেশের নিরাপত্তার দায়িত্ব সামলানোর যোগ্য কি না, তা সরকারের ভেবে দেখা প্রয়োজন। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম এমন একজন যোগ্য ও দক্ষ ব্যক্তিকে অবিলম্বে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
বাজারে পণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে এনসিপির এই নেতা জানান, জ্বালানি তেলের পাশাপাশি প্রায় সব ধরনের পণ্যের দাম ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অথচ সাধারণ মানুষের আয় কিংবা বেতন সেই অনুপাতে মোটেই বাড়েনি। উদাহরণ টেনে তিনি বলেন, শুক্রবার কারওয়ান বাজারে প্রতি কেজি টমেটোর দাম ছিল ২০০ টাকা, অথচ একসময় এই ২০০ টাকায় এক কেজি ব্রয়লার মুরগি পাওয়া যেত। গত ৫ আগস্টের পর এবং বিশেষ করে নির্বাচনের পর গড়ে ওঠা বাজার সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়ার পথ সুগম করার জোর দাবি জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, অভিযানের আড়ালে কোনো অনিয়ম বা অর্থ লেনদেনের ঘটনা থাকলে তারও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
চাঁদাবাজির ব্যাপ্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, দোকানপাট ও ব্যবসা কেন্দ্র ছাড়িয়ে চাঁদাবাজি এখন সমাজ ও প্রশাসনের বিভিন্ন স্তরে বিস্তৃত হয়েছে। জনগণের ধৈর্যের একটি নির্দিষ্ট সীমা রয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, অবিলম্বে বিভিন্ন খাতের এই নৈরাজ্য বন্ধ না করলে মানুষের ক্ষোভ আরও বিস্ফোরণ ঘটাবে। সম্প্রতি অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনাকারী এক প্রতিমন্ত্রীকে পদ থেকে অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, শুধু দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াই শেষ কথা হতে পারে না। কোনো নৈতিক বা ফৌজদারি অপরাধ ঘটে থাকলে যথাযথ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের পদচ্যুত করে দায় এড়ানোর সংস্কৃতি বন্ধ করে সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার দাবি তোলেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সরকারের বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ অভিযোগ করেন, ঘন ঘন মূল্যবৃদ্ধির সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা এখন সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। এই খাতের অনিয়ম ও সিন্ডিকেটের অবসান ঘটাতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার হিসেবে নিজেদের প্রমাণ করতে হলে এসব ব্যর্থতার দায় নিয়ে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিতে হবে।
সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে আসিফ মাহমুদ অভিযোগ তোলেন, সাধারণ চাকরিপ্রার্থীদের অধিকার ক্ষুণ্ন করে দলীয় লোকজনকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা চলছে। নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ তদন্তে কমিটি গঠিত হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে তিনি মন্তব্য করেন। একই সাথে জুলাইয়ের গণআন্দোলনে অংশ নেওয়া তরুণদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, সংকট সমাধানে প্রয়োজনে বিরোধী পক্ষ সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। এসব জনদাবি আদায়ে জাতীয় নাগরিক পার্টির উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে ৩০ অক্টোবর শাহবাগের গণবিক্ষোভে অংশ নিতে রাজধানীবাসীকে আহ্বান জানান তিনি।
